Wednesday, July 29

সিলেটবাসীর জন্য ২০২৩ সালের জুন থেকে ননস্টপ ট্রেন চালু

সিলেটের পথে ট্রেন

হবিগঞ্জ-১ আসনের সরকার দলীয় সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজের দাবির প্রেক্ষিতে সিলেট-ঢাকা রুটে আগামী জুন থেকে নতুন ট্রেন আসছে। এটি হবে ননস্টপ সার্ভিস। কোন বিরতি ছাড়াই চলবে ট্রেনটি।

এ ব্যাপারে রেলমন্ত্রী আশ্বাস দিয়েছেন এবং প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।

সিলেটের রেলযাত্রীর তুলনায় ট্রেনের সংখ্যা নেহায়েতই স্বল্প। যে কয়েক জোড়া ট্রেন আছে, তা দিয়ে যাত্রীদের চাপ সামলানো প্রায় অসম্ভব। আর তাই সিলেট-ঢাকা ও ঢাকা-সিলেট রুটে নতুন ট্রেনের দাবি অনেক পুরনো। তাছাড়া সড়ক দুর্ঘটনাসহ নানা কারণে দিনদিন ট্রেন রুটে যাত্রীদের চাপ বাড়ছেই। 

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) জাতীয় সংসদ সচিবালয়ে অনুষ্ঠিত রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ২৪তম সভায় হবিগঞ্জ-১ আসনের সরকার দলীয় সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ জোরালোভাবে সিলেট-ঢাকা ও ঢাকা-সিলেট রুটে ননস্টপ নতুন ট্রেন চালুর প্রস্তাব করেন। তার প্রস্তাবের প্রেক্ষিতে রেলমন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন ও স্থায়ী কমিটির চেয়ারম্যান এবিএম ফজলে করিম চৌধুরী এমপি প্রস্তাবটি আমলে নেন এবং ২০২৩ সালের জুনে সিলেটবাসীর জন্য নতুন ননস্টপ ট্রেন চালুর আশ্বাস দেন।

বৈঠকে ঢাকা-সিলেট ও সিলেট-ঢাকার ডুয়েল গেজের কাজ দ্রুত শুরু ও শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশন উন্নয়ন এবং টিকেট বৃদ্ধির জন্যও সুপারিশ করেন গাজী মোহাম্মদ শাহনওয়াজ এমপি।

সীমা-আলম/১০/ডিএসই