
গণভবনে আওয়ামী লীগের সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা
বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে দলের ২২তম জাতীয় সম্মেলনের প্রস্তুতির অংশ হিসেবে আওয়ামী লীগের সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বিএনপি কীভাবে আবার ক্ষমতায় আসার স্বপ্ন দেখছে। ২০০৮ সালের সাধারণ নির্বাচন যা সকলে মেনে নিয়েছিল, সে নির্বাচনে বিএনপি-জামায়াত জোট মাত্র ৩০টি আসন পেয়েছিল।
প্রধানমন্ত্রী বলেন, ২০০৮ সালের সাধারণ নির্বাচন বিশ্বাসযোগ্য ও সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছিল। সে নির্বাচন নিয়ে কেউ কোনও প্রশ্ন তুলতে পারবে না। আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জন করেছিল। আর বিএনপি নেতৃত্বাধীন জোট মাত্র ৩০টি আসন পেয়েছিল। বিএনপি কি দেশ ও জনগণের জন্য ভালো কোন কিছু করছে, যার মাধ্যমে তাদের প্রতি জনগণের আস্থা-বিশ্বাস গড়ে তুলবে। যে কারণে জনগণ তাদের দলকে আবার ক্ষমতায় বসাবে।
এ সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম ও কাজী জাফরুল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রী তথাকথিত বুদ্ধিজীবীদের কঠোর সমালোচনা করে তাদের ‘বুদ্ধিবৃত্তিকভাবে প্রতিবন্ধী বুদ্ধিজীবী’ হিসাবে বর্ণনা করে বলেন, তারা একটি অগণতান্ত্রিক বা অবৈধ সরকার আনার লক্ষে আওয়ামী লীগের মতো একটি গণতান্ত্রিক বা আইনি সরকারকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্র করছে।
তিনি আরও বলেন, খালেদা জিয়া, তারেক রহমানসহ তাদের শীর্ষ নেতারা অনেক ফৌজদারি মামলায় সাজাপ্রাপ্ত, জনগণ কেন বিএনপিকে ভোট দেবে। তারেক রহমান ১০ ট্রাক অস্ত্র মামলা, ২১ আগস্ট ২০০৪ গ্রেনেড হামলা মামলা এবং অর্থ পাচার মামলায় দোষী সাব্যস্ত হয়ে সাজাপ্রাপ্ত এবং এতিমের অর্থ আত্মসাতের দায়ে খালেদা জিয়া সাজাপ্রাপ্ত। অবৈধভাবে উপার্জিত ও লুটপাট করা অর্থ খরচ করে বিদেশে অবস্থান করে তারেক জিয়া এখন রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।
সালমা-রহমান/৩৯/ডিএসই
