Wednesday, July 29

জঙ্গি সংগঠনের সাথে ছেলের জড়ানোর বিষয়টি জামায়াত আমির স্বীকার করেছেন – সিটিটিসি

সংবাদ সম্মেলনে সিটিটিসি

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) দুপুরে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সিটিটিসি প্রধান আসাদুজ্জামান বলেন, “নতুন জঙ্গি সংগঠন ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’র সঙ্গে ছেলে ডা. রাফাত সাদিক সাইফুল্লাহর জড়ানোর বিষয়টি জিজ্ঞাসাবাদে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান স্বীকার করেছেন”।

আসাদুজ্জামান দাবি করেছেন, ছেলে জঙ্গিবাদে জড়িয়েছেন সেটি জানতেন ডা. শফিকুর। এরপরও তিনি নীরব ছিলেন। আইনশৃঙ্খলা বাহিনীকে বিষয়টি জানাননি। নতুন জঙ্গি সংগঠন ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’র সঙ্গে সংগঠন হিসেবে জামায়াতের সংশ্লিষ্টতা খুঁজতে ডা. শফিকুর রহমানকে আরও তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।

জামায়াতের আমিরের জঙ্গিবাদে সংশ্লিষ্টতার কোনো তথ্য-প্রমাণ পেয়েছেন কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সন্ত্রাসবাদের সংজ্ঞা অনুযায়ী আপনার ছেলে জঙ্গিবাদে জড়িয়ে যাচ্ছে, আপনি সেটা জানতেন, কিন্তু আইন-শৃঙ্খলা বাহিনীকে জানাচ্ছেন না, সেটিও কিন্তু অপরাধ। তার ছেলে ‘হিজরত’ করেছে, একটা গ্রুপসহ বান্দরবানের পাহাড়ের উদ্দেশে রওনা করেছে। কিন্তু যেতে না পেরে বাবার সঙ্গে যোগাযোগ করেছে, তাকে (ছেলেকে) নিরাপদে ফিরিয়ে আনার সব ব্যবস্থা তিনি (শফিকুর রহমান) করেছেন। এটা সন্ত্রাসবাদের সর্বোচ্চ সহযোগিতা।

আদালত প্রাঙ্গণ থেকে পালানো দুই জঙ্গি কোথায় জানতে চাইলে আসাদুজ্জামান বলেন, এটা বলার এখনো সময় আসেনি। দেশেই আছে, এখনো দেশ থেকে পালাতে পারেনি।

এদিকে আমির ডা. শফিকুর রহমানকে ‘মিথ্যা মামলায়’ গ্রেপ্তার করে বারবার রিমান্ডে নেওয়া হচ্ছে বলে দাবি করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সাতদিনের পর পুনরায় তিন দিনের রিমান্ডে নেওয়ার প্রতিবাদে ও তার মুক্তির দাবিতে বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে জামায়াত ঢাকা মহানগরী দক্ষিণ।

রবিন/৩৮/ডিএসই