Wednesday, July 29

জাপানকে উত্তর কোরিয়ার সতর্কবার্তা

জাপানকে উত্তর কোরিয়ার হুমকি

জাপানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার সতর্কবার্তা উচ্চারণ করেছে উত্তর কোরিয়া। মঙ্গলবার দেশটির সরকারি বার্তা সংস্থা কেসিএনএ-র বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

কেসিএনএ-র প্রতিবেদনে বলা হয়েছে, জাপানের নতুন নিরাপত্তা কৌশলকে আঞ্চলিক নিরাপত্তা পরিবেশের মৌলিক পরিবর্তন হিসেবে আখ্যায়িত করে এর নিন্দা জানিয়েছে উত্তর কোরিয়া। একইসঙ্গে দেশটি সতর্ক করেছে যে, জাপানের পদক্ষেপ কতটা ‘ভুল ও বিপজ্জনক’ অনির্দিষ্ট পদক্ষেপের মাধ্যমে সেটি দেখিয়ে দেবে পিয়ংইয়ং।

উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন, টোকিওর নতুন নীতির ফলে এই অঞ্চলের নিরাপত্তা পরিবেশ মৌলিকভাবে বদলে গেছে। তাদের এমন পদক্ষেপ জাতিসংঘের সনদের লঙ্ঘন এবং আন্তর্জাতিক শান্তির জন্য একটি ‘গুরুতর চ্যালেঞ্জ’।

এই কর্মকর্তা বলেন, আমরা আবারও স্পষ্ট করে দিচ্ছি যে, মৌলিক অধিকার রক্ষায় সাহসী ও সিদ্ধান্তমূলক সামরিক পদক্ষেপ নেওয়ার অধিকার পিয়ংইয়ংয়ের রয়েছে।

রয়টার্স/৩১/ডিএসই