Wednesday, July 29

দেশটা কি কারও বাপ দাদার সম্প‌ত্তি?

বিএন‌পির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

১০ ডিসেম্বর বিএনপির ঢাকা বিভাগীয় সমাবেশ নয়াপল্টনেই হবে এবং সেই সমা‌বেশ থেকে সরকার পতনের এক দফার আন্দোলন শুরু হবে বলে পরিস্কার ভাবে জা‌নি‌য়ে দি‌য়ে‌ছেন বিএন‌পির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, ‘দেশটা কি কারও বাপ দাদার সম্প‌ত্তি? ১০ ডিসেম্বর নয়াপল্টনেই সমাবেশ হবে। এটা জনগণের ঘোষণা। এখনো তো আসল ঘোষণা দেইনি, আসল ঘোষণা আসবে ১০ তারিখ। সেদিন থেকে শুরু হবে এক দফার আন্দোলন।’

মঙ্গলবার (২২ নভেম্বর) বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত সমাবেশে মির্জা ফখরুল বলেন, ‘আমরা শান্তিপূর্ণ সমাবেশ করবো। আমাদের দাবিও পরিষ্কার। জ্বালানি তে‌লের মূল্যবৃদ্ধি, দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে এ গণসমাবেশ। শাওন, নূরে আলম, আব্দুর রহিম হত্যার প্রতিবাদ, বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি, দেশের ৩৫ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে এ গণসমাবেশ। এখানে কোনো প্রকার ছাড় নেই। এক দফা এক দাবি, এখানে কোনো কম্প্রোমাইজ নেই। এ সরকারকে যেতেই হ‌বে। এর কো‌নো বিকল্প নেই।’

বিএনপি মহাসচিব বলেন, ‘আওয়ামী লীগ আমাদের সবার জীবন নিয়ে খেলছে। আমা‌দের সাতজন নেতাকর্মী‌কে হত্যা করা হয়েছে। তাই আন্দোলনের মাধ্য‌মে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। জেগে উঠতে হবে। এমনি এমনি কেউ ক্ষমতা ‌থে‌কে সরে না, সরাতে হবে। সাধারণ মানুষের শক্তি দিয়ে এদেরকে চলে যেতে বাধ্য করতে হবে।’

এসময় আরও বক্তৃতা করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানুল্লাহ আমান, বিএনপির মিডিয়া সেলের সদস্যসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, বিএনপির স্বেচ্ছাসেবাবিষয়ক সম্পাদক মীর সারাফত আলী সপু, যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরব, যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হেলেন জেরিন খান, ছাত্রদলের সভাপতি কাজী রওনাকুল ইসলাম শ্রাবণ ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল প্রমুখ।

রতন/৩৮/ডিএসই