Wednesday, July 29

দুই হাজার কোটি টাকা পাচারের মামলায় এক আসামির আদালতে আত্মসমর্পণ

অর্থ পাচার

আদালত সূত্রে জানা গেছে দুই হাজার কোটি টাকা পাচারের মামলায় তারিকুল ইসলাম ওরফে নাসিম নামে এক আসামি আদালতে আত্মসমর্পণ করেছেন।

রোববার (২০ নভেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-১০-এর বিচারক মোহাম্মদ নজরুল ইসলামের আদালতে তিনি আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করেন। একই সঙ্গে তিনি জামিন আবেদনও করেন। তবে রাষ্ট্রপক্ষ থেকে তার জামিনের বিরোধীতা করা হয়। পরে উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে তারিকুল ইসলাম ওরফে নাসিমকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

প্রসঙ্গত, দুই হাজার কোটি টাকা পাচারের অভিযোগে ২০২০ সালের ২৬ জুন বরকত ও রুবেলের বিরুদ্ধে রাজধানীর কাফরুল থানায় মামলা দায়ের করেন সিআইডির পরিদর্শক এস এম মিরাজ আল মাহমুদ। গত বছর ৩ মার্চ মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির সহকারী পুলিশ কমিশনার (এএসপি) উত্তম কুমার সাহা ১০ জনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেন। গত ১ সেপ্টেম্বর মামলাটির চার্জগঠন বিষয়ে শুনানির জন্য ছিল। কিন্তু সেদিন মামলাটিতে কিছু অসংগতি থাকায় আদালত সুয়ো মোটো (স্বতঃপ্রণোদিত) ভাবে সিআইডিকে পুনরায় তদন্তের নির্দেশ দেন। আগামী ১ ডিসেম্বর মামলাটির পুনঃতদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ধার্য রয়েছে।

মামলার অপর আসামিরা হলেন, ফরিদপুর শহর আওয়ামী লীগের অব্যাহতিপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন বরকত ও তার ভাই ইমতিয়াজ হাসান রুবেল, ফরিদপুর শহর আওয়ামী লীগের সভাপতি নাজমুল ইসলাম খন্দকার লেভী, শহর যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আসিবুর রহমান ফারহান, খোন্দকার মোহতেশাম হোসেন বাবর, এএইচএম ফুয়াদ, ফাহাদ বিন ওয়াজেদ ওরফে ফাহিম, কামরুল হাসান ডেভিড ও মুহাম্মদ আলি মিনার।

সিরাজুল-ইসলাম/২১/ডিএসই