
‘জেলহত্যা দিবস’ উপলক্ষে আয়োজিত সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা (বাসস)
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ আওয়ামী লীগ আয়োজিত ‘জেলহত্যা দিবস’ উপলক্ষে স্মরণসভায় সভাপতির বক্তব্যে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, সরকারবিরোধী আন্দোলনের নামে বিএনপি যদি বাড়াবাড়ি করে তাহলে খালেদা জিয়াকে আবারও জেলে পাঠানো হবে।
তিনি বলেন, ‘খালেদা জিয়া অসুস্থ, বয়োবৃদ্ধ। তার ভাই-বোন, বোনের জামাই আমার কাছে এসেছেন, আবেদন করেছেন। আমরা তার সাজাটা স্থগিত করে বাড়িতে থাকার সুযোগ করে দিয়েছি। এটা মানবিক কারণেই দিয়েছি। কিন্তু যদি ওরা বেশি বাড়াবাড়ি করে তাহলে আবার জেলে পাঠিয়ে দেবো।’
শেখ হাসিনা বলেন, ‘আজকে তাদের (বিএনপি) কি অবস্থা? আজকে তাদের গণতন্ত্র উদ্ধার করতে হবে। যে দলের জন্ম সামরিক শাসকের পকেট থেকে অবৈধভাবে ক্ষমতা দখলকারীর দ্বারা, তারা আবার গণতন্ত্রের কি উদ্ধার করবে? সেটাই আমার প্রশ্ন। আবার সেই কথা শুনে কিছু লোক তাদের সঙ্গে তাল মেলান। তাদের জ্ঞান-বুদ্ধি কোথায় থাকে? তারা কি বাস্তবটা বুঝতে পারেন না? আর নেতৃত্ব কোথায়? বিএনপি যে লাফালাফি করে তাদের নেতা কই?
ফজলুর-রহমান/৩১/ডিএসই
