Wednesday, July 29

ভদ্রভাবে না গেলে পালাতে পারবেন না, সামনে মহাবিপদ

প্রেস ক্লাবে আয়োজিত আলোচনা সভায় জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব

বুধবার (২ নভেম্বর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে জেএসডির ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বর্তমান সরকারকে ইঙ্গিত করে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, ভদ্রভাবে না গেলে পালাতেও পারবে না, সামনে মহাবিপদ আসছে।

তিনি বলেন ভদ্রভাবে আপনারা (আওয়ামী লীগ) ক্ষমতা থেকে যদি না যান তাহলে পালাতেও পারবেন না। যাদের খুন করেছেন, গুম করেছেন তাদের শুভাকাঙ্ক্ষীরা আপনাদের পালাতেও দেবে না।

রব বলেন, জনগণের মুক্তি হয়নি, মানুষ স্বাধীনতা পায়নি। সাধারণ মানুষের রক্তের বিনিময়ে আমরা শুধু ভৌগোলিক একটি স্বাধীন জায়গা পেয়েছি কিন্তু জনগণের মুক্তি হয়নি।

আওয়ামী লীগের সমালোচনা করে রব বলেন, সামাজিক সংগঠন আর রাজনৈতিক সংগঠন জনগণের জন্য কমিটমেন্ট। সেখানে আজকের এ সময়ে আসামিকে না পেলে তার পরিবারের সদস্যদের ধরে নিয়ে যাচ্ছে। যে ছেলে রাজনীতি করে তাকে না পেয়ে তার দুধের শিশুসহ স্ত্রীকে জেলখানায় ধরে নিয়ে আসছে। এমন সব দুঃখের কাহিনি শুনলে গাছের পাতা ঝরে পড়ে যাবে।

সরকার অর্থনৈতিকভাবে অচল হয়ে গেছে উল্লেখ করে রব বলেন, আজকের এই অবৈধ সরকার অর্থনৈতিকভাবে বিপর্যস্ত। তিন মাস পর চাল কিনতে পারবেন না। আমি ২১ সালের মে মাসে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ভার্চুয়ালি বলেছিলাম, ভিয়েতনাম ও রাশিয়া থেকে চাল কেনেন। জনগণকে খাদ্যনিরাপত্তা দেন। এরপর টাকা দিলেও খাদ্য কিনতে পাওয়া যাবে না। যে রকম ৭৪ সালের দুর্ভিক্ষের সময় টাকা দিয়েও খাদ্য পাওয়া যায়নি।

আশরাফুল-করিম/২৯/ডিএসই