
অতিরিক্ত উপ-মহাপরিদর্শক মো. আলমগীর ও অতিরিক্ত উপ-মহাপরিদর্শক মো. মাহবুব হাকিম
সোমবার (৩১ অক্টোবর) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ পুলিশ শাখা-১ এর সিনিয়র সচিব মো. আমিনুল ইসলাম খান স্বাক্ষরিত পৃথক দুই প্রজ্ঞাপনে বাংলাদেশ পুলিশের আরও দুই কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।
তারা হলেন- সিআইডির অতিরিক্ত উপ-মহাপরিদর্শক মো. আলমগীর ও ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত উপ-মহাপরিদর্শক মো. মাহবুব হাকিম। তারা দু’জনই বিসিএস পুলিশ ক্যাডারের ১২তম ব্যাচের কর্মকর্তা।
উভয় প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি চাকরি আইন-২০১৮ (২০১৮ সালের ৫৭ নং আইন) এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে সরকারি চাকরি থেকে অবসর দেওয়া হলো।
এর আগে, চলতি বছরের ১৮ অক্টোবর পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার তিন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠায় সরকার। ওই তিন পুলিশ কর্মকর্তা হলেন- পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) মীর্জা আবদুল্লাহেল বাকী ও মো. দেলোয়ার হোসেন মিয়া এবং পুলিশ সদরদপ্তরের পুলিশ সুপার (টিআর) মুহম্মদ শহীদুল্লাহ চৌধুরী।
রাশেদ/৩১/ডিএসই
