
দখলকৃত চারটি অঞ্চলে সামরিক আইন জারি
টেলিভিশনে দেওয়া ভাষণে ইউক্রেনের কাছ থেকে দখলকৃত চারটি অঞ্চলে সামরিক আইন জারির ঘোষণা দিয়ে ইউক্রেনে মস্কোর যুদ্ধ প্রচেষ্টা জোরদারের উদ্যোগ নিতে কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
বুধবার আনুষ্ঠানিকভাবে এ সংক্রান্ত আদেশে স্বাক্ষর করেন তিনি।
বুধবার সামরিক আইন জারি করা অঞ্চলগুলোর একটি খেরসন। মস্কোর কাছে হারানো গুরুত্বপূর্ণ এ অঞ্চলটি পুনরুদ্ধারে মরিয়া হয়ে লড়াই চালাচ্ছে ইউক্রেনীয় বাহিনী। অঞ্চলটির পরিস্থিতি দিন দিন আরও জটিল হয়ে উঠছে। সম্প্রতি ইউক্রেনে নিযুক্ত রুশ বাহিনীর কমান্ডার বলেছেন, খেরসনের পরিস্থিতি গুরুতর এবং সেখানকার বাসিন্দাদের দ্রুত সরিয়ে নিতে হবে।
রুশ কমান্ডার জেনারেল সের্গেই সরুভিকিন দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেছেন, ইউক্রেনীয় সেনারা হিমার্স ব্যবহার করে খেরসন শহরের অবকাঠামো লক্ষ্য করে আঘাত হানছে। সাধারণ মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়ার বিষয়টি নিশ্চিত করবে রুশ বাহিনী।
আল-জাজিরা/২১/ডিএসই
