Wednesday, July 29

সবাইকে সজাগ থাকার আহ্বান

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ কোনো ব্যক্তি বা গোষ্ঠী তাদের হীন স্বার্থে ধর্মকে ব্যবহার করে জনগণকে বিভ্রান্ত করতে যাতে না পারে এ জন্য সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বাঙালির চিরকালীন ঐতিহ্য। এখানে মেজরিটি বা মাইনরিটির কোনো স্থান নেই। দেশের সামগ্রিক অগ্রযাত্রায় সম্মিলিতভাবে এ ঐতিহ্যকে এগিয়ে নিতে সবাইকে একযোগে কাজ করারও তাগিদ দেন রাষ্ট্রপতি।

বুধবার (৫ অক্টোবর) সন্ধ্যায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বঙ্গভবনে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও সৌজন্য সাক্ষাতে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশসহ বিশ্বের সব সনাতন ধর্মাবলম্বীকে বিজয়ার শুভেচ্ছা জানিয়ে আবদুল হামিদ বলেন, দুর্গাপূজায় আমরা অবশ্যই আনন্দ উৎসব করবো। কিন্তু মনে রাখতে হবে যে আমাদের প্রতিবেশী, বন্ধুবান্ধব ও আত্মীয়স্বজন তারাও যেন এই আনন্দ থেকে বঞ্চিত না হয়।

এ সময় রাষ্ট্রপতি গত ২৫ সেপ্টেম্বর পঞ্চগড় জেলার করতোয়া নদীতে নৌকাডুবিতে ৭০ জন পুণ্যার্থীর মৃত্যুতে দুঃখ প্রকাশ করেন। তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতিও গভীর সমবেদনা জানান। একই সঙ্গে রাষ্ট্রপতি আহতদের আশু আরোগ্য কামনা করেন।

তানভির/১২/ডিএসই