
সস্ত্রীক অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল অনিল চৌহান
২০২১ সালের ডিসেম্বরে তামিলনাড়ুতে হেলিকপ্টার দুর্ঘটনায় জেনারেল রাওয়াত ও তার স্ত্রীর মৃত্যুর নয় মাস পর চিফ অব ডিফেন্স স্টাফ পদে অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল অনিল চৌহানের নাম ঘোষণা করেছে ভারত সরকার।
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত’ লেফটেন্যান্ট জেনারেল চৌহান সিডিএস পদে দায়িত্ব পালন করবেন বলে বুধবার এক আদেশে জানিয়েছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়।
ভারতে সেনা, নৌ ও বিমানবাহিনীর প্রধানের মত চিফ অব ডিফেন্স স্টাফও একজন চার তারকা জেনারেল, তবে জ্যেষ্ঠতার বিচারে তিনিই সবার চেয়ে এগিয়ে।
সেনা, নৌ ও বিমানবাহিনীর মধ্যে সমন্বয় করতে ২০১৯ সালে ভারত চিফ অব ডিফেন্স স্টাফ (সিডিএস) বা প্রতিরক্ষা প্রধানের পদটি সৃষ্টি করা হয়েছিল। এই পদে অসীন হলে ৬১ বছর বয়সী অনিল চৌহান হবেন দেশটির শীর্ষ সামরিক কর্মকর্তা এবং ভারত সরকারের সামরিক বিষয়ক বিভাগের সচিব।
ভারতীয় সেনাবাহিনীর ১১ গোর্খা রাইফেলসে কমিশনপ্রাপ্ত জেনারেল চৌহানের জম্মু-কাশ্মীরে সন্ত্রাস দমনে ‘বিশেষজ্ঞ’ হিসেবে পরিচিতি আছে।
এনডিটিভি/১৮/ডিএসই
