
রুপা হক ও ব্রিটিশ অর্থমন্ত্রী কোয়াসি কোয়ার্টেং
বিবিসি জানিয়েছে, সোমবার লিভারপুলে লেবার পার্টির এক অনুষ্ঠানে ব্রিটিশ অর্থমন্ত্রী কোয়াসি কোয়ার্টেংকে ‘লোক দেখানো কৃষ্ণাঙ্গ’ বলে মন্তব্য করেন রূপা হক। সেই মন্তব্য নিয়ে সমালোচনার প্রেক্ষাপটে মঙ্গলবার লেবার পার্টির সংসদীয় দল থেকে বাদ পড়লেন বাংলাদেশি বংশোদ্ভূত এমপি রূপা হক।
লেবার পার্টির সংসদীয় দল থেকে বরখাস্ত হওয়ায় রূপা হককে আপাতত পার্লামেন্টে বসতে হবে স্বতন্ত্র এমপি হিসেবে। বিষয়টি তদন্ত করে দেখারও ঘোষণা দিয়েছে পার্লামেন্টের বিরোধী দল লেবার পার্টি।
ক্ষমতাসীন টোরি দলের চেয়ার জেইক ব্যারি লেবার এমপি রূপার ওই মন্তব্যকে ‘বর্ণবাদী ও জঘন্য’ আখ্যা দিয়েছেন। লেবার পার্টির ডেপুটি লিডার অ্যাঞ্জেলা রেনার ওই মন্তব্যকে ‘অগ্রহণযোগ্য’ বলেছেন।
ইলিং সেন্ট্রাল অ্যান্ড অ্যাকটন আসনের এমপি রূপা হক বলেছেন, ওই মন্তব্যের জন্য অর্থমন্ত্রী কোয়াসি কোয়ার্টেংয়ের কাছে ক্ষমা চেয়েছেন তিনি।
সোমবার ওই অনুষ্ঠানের প্রশ্ন-উত্তর পর্বে অর্থমন্ত্রী কোয়াসি কোয়ার্টেংকে ইংগিত করে রূপা হক বলেছিলেন, “তিনি লোক দেখানো; তিনি একজন কৃষ্ণাঙ্গ, কিন্তু আবার অন্যদের মত… তিনি ইটনে পড়ালেখা করেছেন, অনেক ব্যয়বহুল স্কুলে পড়েছেন; বরাবর তিনি দেশের সেরা স্কুলগুলোতে ছিলেন।
“আপনি যদি (বিবিসির) টুডে প্রোগ্রামে তার কথা শোনেন, আপনি বুঝতেই পারবেন না যে তিনি কালো।”
ওই মন্তব্যের অডিও প্রকাশ হলে ব্রিটেনের রাজনৈতিক অঙ্গনে শুরু হয় তুমুল সমালোচনা। টোরিরা দাবি তোলেন, ওই মন্তব্যের জন্য লেবার এমপিকে ক্ষমা চাইতে হবে। এমনকি রূপা হকের নিজের দলের নেতারাও তার মন্তব্যকে ‘অগ্রহণযোগ্য’ বলেন।
পরে রূপ হক এক টুইটে বলেন, “আমার মন্তব্য সুবিবেচনাপ্রসূত ছিল না। ওই মন্তব্যে যারাই আঘাত পেয়েছেন, আমি হৃদয় থেকে তাদের কাছে ক্ষমা চাইছি।”
বিবিসি/২১/ডিএসই
