
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল হাট সংলগ্ন কাঠপট্টি এলাকায় বুধবার রাত ৯ টার দিকে রাকিব হাসান (২২) নামে এক ছাত্রলীগ কর্মীকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আধিপত্য বিস্তার নিয়ে গোলাকান্দাইল ইউনিয়ন শ্রমিক লীগ নেতা দেলোয়ার হোসেনের সঙ্গে ছাত্রলীগ কর্মী রাকিব হাসানের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ওই বিরোধের জের ধরে রাত ৯টার দিকে দেলোয়ার হোসেনসহ তার ৮-১০ জন অনুসারী মোটরসাইকেলযোগে এসে তাকে কুপিয়ে হত্যা করে।
ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহাবুবুর রহমান বলেন, ‘রাতে কাঠপট্টি এলাকায় একদল সন্ত্রাসী ধারালো অস্ত্র নিয়ে রাকিব হাসানের ওপর হামলা চালায় এবং কুপিয়ে আহত করে। তার হাতসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম করা হয়েছে। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় স্থানীয়রা। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
নারায়ণগঞ্জের সিনিয়র সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল) আবির হোসেন বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতার জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে এক ব্যক্তি ও তার লোকজনের নাম পেয়েছি। তাদের আটক করতে অভিযান চলছে।’
রুহুল-আমিন/৩১/ডিএসই
