Wednesday, July 29

বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা

মাহমুদউল্লাহকে ছাড়া বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা

প্রধান নির্বাচক মিনাহজুল আবেদীন নান্নু বুধবার দুপুরে মাহমুদউল্লাহকে ছাড়াই বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের এই দল ঘোষণা করেন।

মাহমুদউল্লাহর বাদ পড়া প্রসঙ্গে মিনহাজুল আবেদীন বলেছেন, ‘মাহমুদউল্লাহর প্রতি শ্রদ্ধা রেখে বলছি, সে আমাদের অনেক ভালো ভালো খেলা উপহার দিয়েছে। তবে আমাদের বর্তমান যে টেকনিক্যাল কনসালট্যান্ট, তিনি এক বছরের যে পরিকল্পনা আমাদের দিয়েছেন, সেটা মাথায় রেখে আমরা এগোচ্ছি। সেই অনুযায়ী টিম ম্যানেজমেন্টের সবার সঙ্গে আলোচনা করে সকলের সম্মতিতে মাহমুদউল্লাহকে বাইরে রাখা হয়েছে।’ 

দল থেকে বাদ পড়েছেন এনামুল হক বিজয়, নাঈম শেখ, পারভেজ হোসেন ইমন, শেখ মেহেদী ও মাহমুদউল্লাহ রিয়াদ। মুশফিকুর রহিম এশিয়া কাপের পরপরই এই ফরম‌্যাট থেকে সরে দাঁড়িয়েছেন।

ইনজুরির কারণে এশিয়া কাপ খেলতে না পারা লিটন দাস, কাজী নুরুল হাসান সোহান ও হাসান মাহমুদ দলে ফিরেছেন। জিম্বাবুয়ে সফর ও এশিয়া কাপ মিস করা ইয়াসির আলী রাব্বীও দলে ফিরেছেন। টানা ব‌্যর্থতায় টি-টোয়েন্টি দল থেকে বাদ পড়া নাজমুল হোসেন শান্তও  দলে ফিরেছেন। ব্যাকআপ ওপেনার হিসেবে তাকে নেওয়া হয়েছে।

ঘোষিত দল থেকে হাসান ও রাব্বীর প্রথম বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা হতে যাচ্ছে। বাকিরা প্রত্যেকেই বিশ্বকাপ মঞ্চে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেছেন। সাকিব একমাত্র ক্রিকেটার হিসেবে বিশ্বকাপের প্রতিটি আসরে খেলতে যাচ্ছেন। তার নেতৃত্বে দ্বিতীয়বার টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাচ্ছে বাংলাদেশ। ২০১০ সালে ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপে সাকিব অধিনায়ক ছিলেন।

২৪ অক্টোবর বাংলাদেশের বিশ্বকাপের মিশন শুরু হবে বাছাইপর্ব পেরিয়ে আসা দলের সঙ্গে। ‘এ’ গ্রুপের রানার্সআপ দলের মুখোমুখি হবে সাকিবের দল। দ্বিতীয় ম্যাচ ২৭ অক্টোবর সিডনি ক্রিকেট গ্রাউন্ডে, প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। ব্রিসবেনের গ্যাবায় ৩০ অক্টোবর বাংলাদেশ খেলবে ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়নের বিপক্ষে। বাংলাদেশের শেষ দুটি ম্যাচ ভারত ও পাকিস্তানের বিপক্ষে। ২ নভেম্বর অ্যাডিলেডে রোহিত শর্মার দলকে মোকাবিলা করবে বাংলাদেশ। আর ৬ নভেম্বর একই মাঠে শেষ ম্যাচ খেলবে তারা পাকিস্তানের সঙ্গে।

বাংলাদেশ স্কোয়াড: সাকিব আল হাসান (অধিনায়ক), সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, লিটন দাস, ইয়াসির আলী রাব্বী, নুরুল হাসান সোহান, মোস্তাফিজুর রহমান, সাইফউদ্দিন, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন, হাসান মাহমুদ, নাজমুল হোসেন শান্ত ও নাসুম আহমেদ।

স্ট্যান্ডবাই: শরিফুল ইসলাম, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন ও সৌম্য সরকার।

স্পোর্টস-ডেস্ক/৩৯/ডিএসই