
পুরো টুর্নামেন্টেই দুর্দান্ত নৈপুণ্যে লঙ্কানরা ছিল অপ্রতিরোধ্য
এশিয়া কাপে চ্যাম্পিয়ন হলো লঙ্কানরাই। তাদের অপ্রতিরোধ্য পারফরম্যান্সে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়াম যেন কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে রূপ নিয়েছিল। টুর্নামেন্টের স্বাগতিক দলতো তারাই! কেবলমাত্র অর্থনৈতিক সংকটের কারণে নিজেদের মাঠে টুর্নামেন্টটি তারা আয়োজন করতে পারেনি, খেলতে পারেনি স্বাগতিক দর্শকদের সামনে। তার পরেও মরুর বুকে আয়োজন করে এই টুর্নামেন্ট জিতে তারা চ্যাম্পিয়ন মানি হিসেবে পেয়েছে ১ লাখ ৫০ হাজার মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ১ কোটি ৪১ লাখ ৪৩ হাজার ৫৪০ টাকার মতো। রানার্স আপ পাকিস্তান অবশ্য পেয়েছে ৭৫ হাজার ডলার। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ৭০ লাখ ৭১ হাজার ৭৭০ টাকার মতো।
পুরো টুর্নামেন্টেই দুর্দান্ত নৈপুণ্যে লঙ্কানরা ছিল অপ্রতিরোধ্য। উদ্বোধনী ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ১০৫ রানের হার। এইটুকু অতৃপ্তি ছাড়া বাকি ম্যাচগুলোতে প্রতিপক্ষকে পাত্তাই দেয়নি।
দুর্দান্ত ফাইনালের ম্যাচ সেরা আর টুর্নামেন্ট সেরাও নির্বাচিত হয়েছেন দুই লঙ্কান ক্রিকেটার। ফাইনালে ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন ভানুকা রাজাপাকশে। তিনি পেয়েছেন ৫ হাজার ডলার। টুর্নামেন্ট সেরা হয়েছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। তার পুরস্কারের মুল্যমান ১৫ হাজার ডলার।
স্পোর্টস-ডেস্ক/৩৮/ডিএসই
