Wednesday, July 29

আক্রমণ হলে পাল্টা আক্রমণ হবে – ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের

রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় শোক দিবস উপলক্ষে কৃষক লীগ আয়োজিত আলোচনা সভায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, “নির্বাচনে আসুন, প্রতিদ্বন্দ্বিতা করুন। দেখবেন কার কত ভোট আছে, কে কত জনপ্রিয়, পরিষ্কার হয়ে যাবে। দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, কোনও অবস্থাতেই মাথা গরম করা যাবে না। আমরা কাউকে আক্রমণ করবো না। আক্রমণ হলে পাল্টা আক্রমণ হবে।”

কাদের বলেন, ‘জিয়াউর রহমান কেন বঙ্গবন্ধু হত্যাকারীদের রক্ষা করতে সংসদে আইন পাস করলেন। এই প্রশ্ন করলেই আপনি এড়িয়ে যান। জবাব পাই না। এবার দেখলাম, ১৫ তারিখে খালেদা জিয়ার জন্মদিন আরেকটু আড়াল করে ১৬ আগস্ট দোয়া মাহফিল…। দোয়া মাহফিল তার জন্য করেন আপত্তি নেই, কিন্তু ভুয়া জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল— এখানে গোটা জাতির আপত্তি আছে।’

মির্জা ফখরুল আলমগীরকে উদ্দেশ করে ওবায়দুল কাদের বলেন, ‘কার বিচার করবেন? আপনাদের অনেকের বিচার বাকি রয়েছে। আদালত শুধু প্রচলিত আদালত নয়, ইতিহাসের আদালত, জনতার আদালতও আছে, নিয়তির আদালতও আছে।’

তিনি বলেন, ‘আওয়ামী লীগের ২১ হাজার নেতাকর্মীকে হত্যা করেছেন। কত নারীর সম্ভ্রম নষ্ট করেছেন। ভুলে গেছেন আহসানউল্লাহ মাস্টার, মঞ্জুরুল ইমাম, শাহ এস এম কিবরিয়া, এভাবে কতজন… যশোরের সাংবাদিক শামসুর রহমান, খুলনার মানিক লাল, বালু ভাই, কত হত্যাকাণ্ড এই বাংলায় সংঘটিত করেছেন। এগুলোর বিচার হবে না? এগুলো কি মানবাধিকার লঙ্ঘন নয়? আওয়ামী লীগের এত নেতাকর্মীকে হত্যা করা হয়েছে, বিচারের মুখোমুখি হওয়ার আরও বাকি আছে।’

ওবায়দুল কাদের বলেন, ‘সত্যি যারা গুম হয়েছে, প্রধানমন্ত্রীর নির্দেশ আছে — এমন কোনও ঘটনা থাকলে তদন্ত করে বের করা হবে। এখানে আমাদের কোনও ভয় নেই। সত্য সত্যই। নিজের দলের লোকদের শাস্তির ব্যবস্থা করতে শেখ হাসিনা এযাবৎ কখনও কুণ্ঠিত হয়নি। দলের লোক অন্যায় করে বিনা শাস্তিতে পার হওয়ার উপায় নেই।’

রন্জন-চাকমা/১২/ডিএসই