Wednesday, July 29

চেক ডিজঅনার মামলায় জেলে পাঠানো সংবিধান পরিপন্থি – হাইকোর্ট

চেক ডিজঅনার মামলায় জেলে পাঠানোর বিধান বাতিল করার জন্য জাতীয় সংসদকে আদালতের পরামর্শ

হাইকোর্টের বিচারপতি মো. আশরাফুল কামালের একক বেঞ্চ চেক ডিজঅনার সংক্রান্ত কয়েকটি মামলা নিষ্পত্তি করে রবিবার (২৮ আগস্ট) পর্যবেক্ষণে বলেন, চেক ডিজঅনার মামলায় কোনো ব্যক্তিকে কারাগারে পাঠানো, কারাগারে রাখা সংবিধানের ৩২ অনুচ্ছেদের পরিপন্থি এবং ইন্টারন্যাশনাল কভেন্যান্ট অন সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটসের অনুচ্ছেদ ১১ এর পরিপন্থি। বাংলাদেশ এর স্বাক্ষরকারী দেশ হিসেবে চেক ডিজঅনার মামলায় কোনো ব্যক্তিকে কারাগারে পাঠাতে পারে না।

আদালত নেগোসিয়েবল ইন্সট্রুমেন্ট আইনের ১৩৮ ধারা সংশোধন করে চেক ডিজঅনার মামলায় জেলে পাঠানোর বিধান বাতিল করার জন্য জাতীয় সংসদকে পরামর্শ প্রদান করেছেন।

এছাড়া নেগোসিয়েবল ইন্সট্রুমেন্ট আইনের ১৩৮ ধারা সংশোধন না হওয়া পর্যন্ত চেক ডিজঅনারের মামলা নিষ্পত্তির জন্য একটি গাইডলাইন করে দিয়েছেন।

আদালত উন্নত বিশ্বের উদাহরণ টেনে বলেন, সিংগাপুর, ফ্রান্স, ইংল্যান্ড, অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশে চেক ডিজঅনার মামলায় জেলে পাঠানোর বিধান নেই। এসব দেশে চেক ডিজঅনারের মামলাগুলোকে দেওয়ানি প্রকৃতির মামলা হিসেবে বিবেচনা করা হয়।

বাংলাদেশ নেগোসিয়েবল ইন্সট্রুমেন্ট আইনে ১৯৯৪ সালে পেনাল কোড সংযোজনের মাধ্যমে আধা-ফৌজদারি হিসেবে পরিণত করা হয়েছে।

আদালত পর্যবেক্ষণে বলেন, কন্ট্রাকচুয়াল অব নেগোসিয়েশন বা চুক্তিগত দ্বায় দায়িত্ব পূরণে ব্যর্থতার জন্য কোনো ব্যক্তিকে জেলে বন্দি রাখা যাবে না। চুক্তিগত দ্বায় দায়িত্ব পূরণে ব্যর্থতার জন্য যদি কারাগারে পাঠানো হয় তাহলে অচিরেই বাংলাদেশের বেশিরভাগ মানুষ কারাগারে চলে যাবে। এটা কারো কাম্য নয়।

আদালত মনে করেন, নেগোসিয়েবল ইন্সট্রুমেন্ট আইনের ১৩৮ ধারা দ্রুত সংশোধন করে জেলে পাঠানোর বিধান বাতিল করা আবশ্যক।

এ্যাড.আক্তার-হোসেন/০১/ডিএসই