
চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি দেবাশীষ নাথ দেবু
২০১৬ সালে চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানাধীন নাসিরাবাদ এলাকায় বন্ধন নাথ নামে এক প্রবাসী নতুন বাড়ি নির্মাণের উদ্যোগ নিলে ওই বছরের ৯ ফেব্রুয়ারি ভবনের কাজ শুরুর পর চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি দেবাশীষ নাথ দেবুর নেতৃত্বে একদল সন্ত্রাসী ১ কোটি টাকা চাঁদাদাবি করে। ওই টাকা দিতে অস্বীকৃতি জানালে প্রবাসী বন্ধন নাথকে মারধরের পাশাপাশি পিঠে গুলি করে। পরে সন্ত্রাসীদের চাপের মুখে ৭০ লাখ টাকা দিতে বাধ্য হন তিনি। ২০১৮ সালের ২ ফ্রেব্রুয়ারি ভবন নির্মাণের কাজ পুনরায় শুরু হলেও আরও ৩০ লাখ টাকা দেওয়ার জন্য চাপ দিতে থাকে সেচ্ছাসেবকলীগ নামধারী সন্ত্রাসীরা। ওই টাকার জন্য সন্ত্রাসীরা এক পর্যায়ে ভবন নির্মাণের কাজ বন্ধ করে দেয়। এ ঘটনায় ২০১৮ সালের ২৩ ফেব্রুয়ারি ভবন মালিক প্রবাসী বন্ধন নাথ বাদী হয়ে দেবাশীষ নাথ দেবুকে প্রধান করে ছয় জনের বিরুদ্ধে পাঁচলাইশ থানায় মামলা দায়ের করেন।
অভিযোগ দায়ের করা মামলায় চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি দেবাশীষ নাথ দেবুসহ ছয় জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। রবিবার (২১ আগস্ট) পঞ্চম অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ নারগিস আক্তারের আদালতে এ অভিযোগ গঠন হয়। অভিযুক্ত বাকি পাঁচ আসামিরা হলো এ টি এম মঞ্জুরুল ইসলাম রতন, আবু নাছের চৌধুরী আজাদ, এ কে এম নাজমুল আহসান, মো. ইদ্রিস মিয়া ও মো. ইমরান হোসেন জিয়া।
আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) তসলিম উদ্দীন প্রতিবেদককে বলেন, পাঁচলাইশ থানায় দায়ের করা একটি চাঁদাবাজির মামলায় দেবাশীষ নাথ দেবুসহ ছয় জনের বিরুদ্ধে আদালতে চার্জ গঠনের নির্দেশ দিয়েছেন।
আফিফুর-আলম/১৯/ডিএসই
