Wednesday, July 29

১৮ আগস্ট থেকে চীনে বাংলাদেশ বিমানের যাত্রী পরিবহন শুরু

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স

আজ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ বিমান জানিয়েছে, আগামী ১৮ আগস্ট থেকে চীনের গুয়াংজু রুটে যাত্রী পরিবহন শুরু করতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এছাড়া ঢাকা-কুনমিং রুটেও ফ্লাইট পরিচালনার বিষয়ে প্রস্তুতি নিচ্ছে বিমান।

বিমান জানিয়েছে, ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিংয়ের সঙ্গে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. যাহিদ হোসেন সাক্ষাৎ করেন। ঢাকাস্থ চীনা দূতাবাসে অনুষ্ঠিত এ সাক্ষাতে ঢাকা-গুয়াংজু রুটে বিমানের যাত্রীবাহী ফ্লাইট পরিচালনার বিষয়ে উভয়ের মধ্যে আলোচনা হয়। এ ছাড়াও বিমানের এমডি ও সিইও চীনের রাষ্ট্রদূতের সঙ্গে ঢাকা-কুনমিং রুটে ফ্লাইট পরিচালনার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

বিমান জানিয়েছে, ১৮ আগস্ট স্থানীয় সময় সকাল ১১টায় হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে বিজি৩৬৬ ফ্লাইটটি স্থানীয় সময় বিকাল পৌনে ৫টায় চীনের গুয়াংজু বাইয়ুন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। ফিরতি ফ্লাইট বিজি৩৬৭ ওই দিন গুয়াংজু বিমানবন্দর থেকে স্থানীয় সময় সন্ধ্যা পৌনে ৮টায় উড্ডয়ন করে ঢাকায় পৌঁছাবে রাত সাড়ে ৯টায়। 

যাত্রীরা বিমানের যে কোনও সেলস সেন্টার থেকে এ রুটের প্রথম যাত্রীবাহী ফ্লাইটের টিকেট ক্রয় করতে পারবেন। যাত্রীরা বাংলাদেশে অবস্থিত চীনা দূতাবাসের ওয়েবসাইট ও বিমানের ওয়েবসাইট থেকে প্রদত্ত হালনাগাদ ‘ট্রাভেল অ্যাডভাইজরি’ জানতে পারবেন।

ডেস্ক-রিপোর্ট/২৯/ডিএসই