
ডি-৮ পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের ২০তম সম্মেলন
বুধবার ঢাকায় ডি-৮ পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের ২০তম সভা শেষে সংবাদ সম্মেলনে দেশগুলোর মধ্যে অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি (পিটিএ) কার্যকর হলে বাণিজ্যের পরিমাণ ১০ গুণ বাড়তে পারে বলে আশা করছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।
ইতোমধ্যে, মিশর ছাড়া অন্যান্য সাতটি সদস্য রাষ্ট্র ডি-৮ পিটিএ অনুসমর্থন করেছে।
বৈঠকের সভাপতি মোমেন বলেন, “আপনারা জেনে আনন্দিত হবেন যে, এবারের সভায় মিশর জানিয়েছে তারা শিগগির ডি-৮ পিটিএ অনুসমর্থন করবে।”
এক প্রশ্নের উত্তরে তিনি জানান, ডি-৮ জোটের দেশগুলোর মধ্যে পিটিএ কার্যকর হওয়ার পর শুল্কের বাধা শিথিল হলে “১২৯ বিলিয়ন ডলার থেকে আন্তঃবাণিজ্য ১০ গুণ বাড়বে। সেটা ১০ বছরে ১ দশমিক ৩ ট্রিলিয়ন ডলার হবে বলে আমি আশা করছি।”
ডি-৮ মহাসচিব ইসিয়াকা আবদুল কাদির ইমাম বলেন, “ডি-৮ পিটিএ ইতোমধ্যে স্বাক্ষর হয়েছে। এখন কেবল কার্যকর করা বাকি। আমরা আশা করছি, চলতি বছরের অক্টোবরের মধ্যে এটা কার্যকর হবে।”
রোমানা-সিদ্দিক/০৯/ডিএসই
