Wednesday, July 29

বাংলাদেশের ক্রয় করা গোলাবারুদ সহ ইউক্রেনীয় বিমান বিধ্বস্ত

আশিক কামাল

গোলাবারুদবাহী ইউক্রেইনীয় উড়োজাহাজ বাংলাদেশে আসার পথে গ্রিসে বিধ্বস্ত

রয়টার্স জানিয়েছে, সার্বিয়ার বানানো গোলাবারুদবাহী একটি ইউক্রেইনীয় উড়োজাহাজ বাংলাদেশে আসার পথে গ্রিসের উত্তরাঞ্চলীয় শহর কাভালার কাছে বিধ্বস্ত হয়েছে।

শনিবার সার্বিয়া থেকে বাংলাদেশের উদ্দেশে রওনা হয় ইউক্রেইনের উড়োজাহাজটি। ইঞ্জিনের সমস্যার কারণে পাইলট কাভালা বিমানবন্দরে জরুরি অবতরণের চেষ্টা করেন, কিন্তু তার আগেই বিমানটি বিধ্বস্ত হয়।

এব্যপারে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, “আমি এটুকু বলতে পারি, এই অস্ত্র পুলিশের নয়, কারণ পুলিশ সার্বিয়া থেকে অস্ত্র কেনে না। অন্য কোনো বাহিনীর কিনা তা আমার জানা নেই। আর বিজিবির কিনা তা এই মুহূর্তে বলতে পারছি না।”

তবে আন্তনভ-১২ পরিবহন উড়োজাহাজটি যে বাংলাদেশেই আসছিল, তা নিশ্চিত করেছেন ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম।

তিনি বলেন, “ওই ফ্লাইট নামার অনুমোদন ছিল আমাদের কাছে। আগামীকাল দুপুর ১২টায় সেটা অবতরণের কথা ছিল।

সার্বিয়ার প্রতিরক্ষামন্ত্রী নেবোসা স্টেফানোভিচ বলেন, মর্টার শেল ও ট্রেইনিং শেল ছিল ওই উড়োজাহাজে। রসদগুলো নিয়ে সার্বিয়ার তৃতীয় বড় শহর নিস থেকে উড্ডয়ন করেছিল বিমানটি।

“বিমানে সাড়ে ১১ টন রসদ বহন করছিল যা আমাদের প্রতিরক্ষা কারখানায় উৎপাদিত। এগুলোর ক্রেতা ছিল বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রণালয়।”

বিশেষ-প্রতিনিধি/০৯/ডিএসই