Wednesday, July 29

রাশিয়াকে স্যাংশান দিতে গিয়ে পৃথিবীর সকল মানুষকে কষ্ট দেয়া ‘মানবাধিকার লঙ্ঘন’ – প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ইউক্রেইনে আগ্রাসনের জবাবে রাশিয়াকে শায়েস্তা করতে গিয়ে পশ্চিমা দেশগুলো পুরো বিশ্বের মানুষকে শাস্তির মুখে ফেলে দিয়েছে মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তার বিবেচনায় এটা ‘মানবাধিকার লঙ্ঘনের শামিল’।

নিষেধাজ্ঞা আরোপ করায় যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের মানুষকেও ভুগতে হচ্ছে তা স্মরণ করিয়ে দিয়ে প্রধানমন্ত্রী বলেন, স্যাংশন দিয়ে কখনো কোনো দেশ বা জাতিকে নিয়ন্ত্রণ করা যায় না, সেটা নিশ্চয় এখন দেখতে পাচ্ছেন। কাজেই এই স্যাংশন তুলে দেওয়া.. (উচিৎ)।

তিনি বলেন, “এই স্যাংশন যাদের বিরুদ্ধে দিচ্ছেন, তাদেরকে আপনারা আসলে কতটুকু তারা ক্ষতিগ্রস্ত করতে পারছেন তাও আপনাদের ভাবা উচিৎ। আমি তো মনে করি তাদের থেকে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ মানুষ। উন্নত দেশ, উন্নয়নশীল দেশ বা সকল দেশের সাধারন মানুষই কষ্ট পাচ্ছে।”

সরকার প্রধান বলেন, যুদ্ধ যারা করার, করতে থাকেন। কিন্তু পণ্য পরিবহন বা আমদানি রপ্তানিটা যাতে সহজভাবে হয় আর সাধারণ মানুষ যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে লক্ষ্য রাখবেন।

শেখ হাসিনা বলেন, “আমার দেশে আমি সব সময় চেষ্টা করছি আমাদের যে মাটি, মানুষ আছে তাতে আমরা নিজেরা উৎপাদন বাড়াব। আমাদের খাদ্যটা যেন আমরা নিজেরা উৎপাদন করে চলতে পারি, সেই ব্যবস্থাও করব। সাথে যদি আরো কাউকে সাহায্য করতে পারি, সেটাও করব। কিন্তু সেই উৎপাদন বাড়াতে গেলে আমাদের সার প্রয়োজন, আমাদের ডিজেল প্রয়োজন। আমাদের বিভিন্ন উপকরণ প্রয়োজন। সেটা আমরা পাচ্ছি না।”

বৃহস্পতিবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নবনির্মিত আট তলা অফিস ভবন উদ্বোধন এবং ‘বঙ্গবন্ধু কূটনৈতিক উৎকর্ষ পদক’ বিতরণ করার সময় এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সিরাজ/১২/ডিএসই