Wednesday, July 29

কাল থেকে হাটগুলোতে পশু বিক্রি শুরু – শিশু এবং বৃদ্ধদের হাটে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ

পশু বিক্রির সব প্রস্তুতি শেষ

বুধবার থেকে হাটে পশু বিক্রির সব প্রস্তুতি শেষ করেছেন ইজারাদাররা। মঙ্গলবার পর্যন্ত এসব হাটে কিছু গরু এসেছে। বুধবার থেকে আরও গরু আসবে বলে তারা জানিয়েছেন।

গাবতলীর স্থায়ী হাটসহ মোট ১০টি পশুর হাট বসছে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায়।

বাকি নয়টি হাট বসছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের বাড্ডা আফতাবনগর ইস্টার্ন হাউজিং, কাওলা শিয়ালডাঙ্গা সংলগ্ন খালি জায়গা, উত্তরা ১৭ নম্বর সেক্টরের বৃন্দাবন থেকে উত্তর দিকে বিজিএমইএ পর্যন্ত খালি জায়গা, ভাটারা (সাঈদ নগর), মোহাম্মদপুর বছিলার ৪০ সড়কের পাশের খালি জায়গা, মিরপুর ৬ নম্বর সেকশনের ইস্টার্ন হাউজিংয়ের খালি জায়গা, কাঁচকুড়া বেপারিপাড়া রহমান নগর আবাসিক প্রকল্পের খালি জায়গা, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের খেলার মাঠের খালি জায়গা এবং খিলক্ষেত খাঁ পাড়ার পাশে জামালপুর প্রপার্টিজের খালি জায়গা।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের এলাকায় এবার ১১টি হাট বসছে। ডেমরার সারুলিয়ার স্থায়ী হাট, এছাড়া উত্তর শাহজাহানপুরের মৈত্রী সংঘ ক্লাবের আশপাশের খালি জায়গা, হাজারীবাগের লেদার টেকনোলজি কলেজের পাশের খালি জায়গা, পোস্তগোলা শ্মশানঘাটের আশপাশের খালি জায়গা, মেরাদিয়া বাজার, লিটল ফ্রেন্ডস ক্লাব ও কমলাপুর স্টেডিয়ামের আশপাশের খালি জায়গা, দনিয়া কলেজের পাশের খালি জায়গা, ধোলাইখাল ট্রাক টার্মিনালের পাশের খালি জায়গা, আমুলিয়া মডেল টাউনের পাশের খালি জায়গা, রহমতগঞ্জ ক্লাবের পাশের খালি জায়গা এবং শ্যামপুর কদমতলী ট্রাক স্ট্যান্ডের পাশের খালি জায়গায় বসেছে কোরবানির পশুর হাট।

রহমতগঞ্জ ক্লাব মাঠ হাটের ইজারাদার মোহাম্মদ সোলায়মান সেলিম জানান, এবার গরু কম এসেছে।

“আমাদের হাটে গরু এলেও তা গতবারের তুলনায় কম। মঙ্গলবার পর্যন্ত যে পরিমাণ গরু আসবে বলে আশা করেছিলাম, তার চেয়ে প্রায় ৪০ শতাংশ কম এসেছে। আগামী দুই দিনের জন্য অপেক্ষায় আছি।”

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাছের জানিয়েছেন, “কোরবানির পশুর হাটে শত ভাগ স্বাস্থ্যবিধি মানার জন্য ঠিকাদারদের নির্দেশনা দেওয়া হয়েছে। শিশু এবং বৃদ্ধদের হাটে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। শতভাগ মাস্ক পড়তে হবে। নিরাপদ দূরত্ব বজায় থাকে এমন সংখ্যক লোক হাটে প্রবেশ করতে পারবে, বাকিরা হাটের বাইরে অপেক্ষায় থাকবে।”

রাজিব/২১/ডিএসই