
নোয়াখালী জেনারেল হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে টর্চলাইটটি বের করা হয়
নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরওয়াপদা ইউনিয়নের চেয়ারম্যান আবদুল মান্নান ভূঞার ইন্ধনে ৯নং ওয়ার্ড যুবলীগের সভাপতি শাহ নেওয়াজের নেতৃত্বে শেখ নাসির উদ্দিন মাইজভান্ডারী (৭৮) নামে এক বৃদ্ধের পায়ু পথে টর্চলাইট ঢুকিয়ে নির্যাতন করার অভিযোগ উঠেছে।
শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ইউনিয়নের থানারহাট সংলগ্ন আমানতগঞ্জে এ ঘটনা ঘটে।
রবিবার সকালে নোয়াখালী জেনারেল হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে টর্চলাইটটি বের করা হয়। বর্তমানে শেখ নাসির উদ্দিন ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নাসির উদ্দিনের ছেলে এবং ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) মো. রিপন জানান, শনিবার রাতে স্থানীয় থানারহাট বাজার থেকে বাড়ি ফিরছিলেন তার বাবা। পথে আমানতগঞ্জের দক্ষিণ পাশে জাহের মেম্বারের পুরাতন বাড়ি সংলগ্ন ৯নং ওয়ার্ড যুবলীগের সভাপতি শাহনেওয়াজের নেতৃত্বে দুর্বৃত্তরা তার বাবার গতি রোধ করে। এসময় দুর্বৃত্তরা তার বাবার মুখ বেঁধে পাশের জঙ্গলে নিয়ে প্রথমে মারধর করে। এক পর্যায়ে তার বাবার পায়ু পথে একটি স্টিলের টর্চলাইট ঢুকিয়ে দেয়। এতে তার বাবা জ্ঞান হারিয়ে ফেললে তারা পালিয়ে যায়। জ্ঞান ফেরার পর বাবার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে রবিবার ভোরে ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে।
তিনি আরও জানান, একটি আধুনিক মসজিদ নির্মাণকে কেন্দ্র করে বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে। তাদের নিজস্ব জায়গায় তার বাবা নাসির উদ্দিন মাইজভান্ডারী মসজিদ নির্মাণ শুরু করেন গত মাসে। চট্টগ্রামের সাবেক মেয়র মঞ্জুরুল আলমের অর্থায়নে এ মসজিদের নির্মাণ কাজ শুরু হয়।
কিন্তু ইউপি চেয়ারম্যান আবদুল মান্নান ভূঞা, ৯নং ওয়ার্ডের মেম্বার তানভির উদ্দিন, চরওয়াপদা ইউনিয়ন যুবলীগের সভাপতি দুলাল উদ্দিন কিরণ মসজিদ নির্মাণের কাজ তাদের দিতে বলে। তার বাবা রাজী না হওয়ায় একাধিকবার তার বাবার ওপর হামলা চালানো হয়। চেয়ারম্যান স্থানীয় লোকজনকে ভুল বুঝিয়ে কিছুদিন কাজও বন্ধ করে রাখে। এসব নিয়ে তার বাবা বিভিন্ন দপ্তরে চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ করেন। তারই জের ধরে চেয়ারম্যান মান্নান, মেম্বার তানভির ও যুবলীগ সভাপতি দুলালের ইন্ধনে শনিবার রাতে তার বাবাকে পাশবিক নির্যাতন করে ওয়ার্ড যুবলীগ সভাপতি শাহনেওয়াজ ও তার সন্ত্রাসীরা।
চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবপ্রিয় দাশ জানান, বিষয়টি তিনি লোকমুখে শুনেছেন। ঘটনাস্থল পরিদর্শন ও ঘটনায় ব্যবস্থা নেয়ার জন্য একজন উপ-পরিদর্শককে দায়িত্ব দিয়েছেন বলেও জানান ওসি।
মিহির/০২/ডিএসই
