
১৩ দশমিক ১৫ শতাংশ রেমিটেন্স কম এসেছে
বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী, মে মাসে প্রবাসীরা মোট ১৮৮ কোটি ৫৩ লাখ ডলার দেশে পাঠিয়েছেন। ২০২১ সালের একই সময়ে যা ছিল ২১৭ কোটি ১০ লাখ ডলার।
তার মানে আগের মাস এপ্রিলের চেয়েও ব্যাংকিং চ্যানেলে পাঠানো রেমিটেন্সের পরিমাণ কমেছে ৬ দশমিক ২৩ শতাংশ।
ডলারের উচ্চ মূল্য ও সংকটের মধ্যে মাসের প্রথম দিকে ইতিবাচক ধারা থাকলেও রেমিটেন্সের ঋণাত্মক ধারা কাটেনি। শতকরা হারে গত মাসে আগের বছরের একই সময়ের চেয়ে রেমিটেন্স কম এসেছে ১৩ দশমিক ১৫ শতাংশ।
আগের মাসে রোজা ও ঈদকে ঘিরে প্রবাসী আয় দুই বিলিয়ন ডলার ছাড়ায়। সরকারি প্রণোদনা বাড়ানোর কারণে এবং ডলারের দাম আগের মাসের চেয়ে আরও বেড়ে যাওয়ায় মে মাসে রেমিটেন্সে গতি আসবে বলে অনেকেই ধারণা করেছিলেন। তবে শেষ পর্যন্ত তা হয়নি, প্রবাসীদের পাঠানো আয়ে ধাক্কা লেগেছে।
এপ্রিলে রেমিটেন্স এসেছিল ২০১ কোটি ১০ লাখ ডলার। এক মাসের ব্যবধানে কমেছে ১২ কোটি ৫৪ লাখ ডলার বা ৬ দশমিক ২৩ শতাংশ।
মে মাসে আসা প্রবাসী আয়সহ চলতি অর্থবছরের জুলাই থেকে মে পর্যন্ত ১১ মাসে মোট রেমিটেন্স এসেছে ১ হাজার ৯১৯ কোটি ৪৪ লাখ ডলার।
গত অর্থবছরের এ সময়ে এসেছিল ২ হাজার ২৮৩ কোটি ৬৯ লাখ ডলার। এ হিসাবে এখন পর্যন্ত ১৫ দশমিক ৯৫ শতাংশ (৩৬৪ কোটি ২৪ লাখ ডলার) কম এসেছে রেমিটেন্স।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, বরাবরের মত এবারও রেমিটেন্স বেশি এসেছে বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে।
মে মাসে মোট ১৫৬ কোটি ৮৪ লাখ ডলার এসেছে বেসরকারি ব্যাংকের মাধ্যমে, যা গত মাসের মোট রেমিটেন্সের ৮৩ দশমিক ১৯ শতাংশ।
আর রাষ্ট্রায়ত্ত সোনালী, জনতা, অগ্রণী, রূপালী, বেসিক ও বিডিবিএল ব্যাংকের মাধ্যমে এসেছে ২৮ কোটি ৩৮ লাখ ডলার, যা মে মাসের মোট রেমিটেন্সের ১৫ শতাংশ।
ফারজানা/১২/ডিএসই
