
জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী কৃষক দলের সেমিনার
বুধবার সকালে জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী কৃষক দলের এক আলোচনা অনুষ্ঠানে ক্ষমতাসীনদের কারসাজিতেই চালের দাম বাড়ছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিএনপি মহাসচিব বলেন, “আজকের পত্রিকায় দেখলাম চালের দাম বাড়তে শুরু করেছে। এখন তো ভরা মৌসুম, এখন বোরো বেরুচ্ছে, এখন চালের দাম কমে আসার কথা। সেই জায়গায় চালের দাম বাড়ছে। আবার কারসাজি।
“আওয়ামী দুবৃর্ত্তদের, আওয়ামী চোর-লুটেরাদের কারসাজিতে এই দাম বাড়ানো হচ্ছে। আবার মুনাফা লুটবে এবং সাধারণ মানুষের পকেট কেটে টাকা নিয়ে যাবে। এটাই হচ্ছে তাদের মূল লক্ষ্য।”
মির্জা ফখরুল বলেন, জিয়া একজন স্বপ্নচারী নেতা ছিলেন। সেজন্য অতি অল্প সময়ের মধ্যে, মাত্র ৪ বছরের মধ্যে পুরো বাংলাদেশের মানুষের মধ্যে একটা আস্থা, একটা বিশ্বাস তৈরি করতে পেরেছিলেন – যে উনি পারবেন নেতৃত্ব দিতে এবং সেটা চার বছরে তিনি প্রমাণ করেছিলেন।”
কৃষিতে জিয়ার অবদান তুলে ধরে সাবেক কৃষি প্রতিমন্ত্রী ফখরুল আরো বলেন, “এই যে বীজ অধ্যাদেশ, পল্লী বিদ্যুৎ, সার বিতরণ, খাল খনন কর্মসূচি – সবগুলোর মধ্যে ভিশন, সামনে স্বপ্ন দেখা, বাংলাদেশকে পুরোপুরিভাবে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করা এবং বাংলাদেশকে কারও মুখাপেক্ষী করে না রাখা, কৃষকের অবস্থার উন্নতি করা, সাধারণ মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা – এই বিষয়গুলো জিয়াউর রহমান সাহেব এগিয়ে নিয়েছিলেন।”
সুমন/০৯/ডিএসই
