
বুধবার গণভবনে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সভা
বুধবার গণভবনে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সভায় আগামী ডিসেম্বরে সম্মেলন হতে পারে ধরে নিয়ে দলীয় নেতাদের প্রস্তুতি নিতে বলেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শেখ হাসিনা বলেন, “.. আমাদের আশা আছে হয়ত ডিসেম্বরের মধ্যে আমরা জাতীয় সম্মেলন করব। তারও প্রস্তুতি আমাদের নিতে হবে।”
এবার হবে আওয়ামী লীগের ২২তম সম্মেলন। এর আগে ২১তম সম্মেলন অনুষ্ঠিত হয় ২০১৯ সালের ২১ ডিসেম্বর।
করোনাভাইরাস মহামারীর কারণে অনেক কাজই করা যায়নি বলে আটটি বিভাগে দলের সম্মেলন করার জন্য কেন্দ্রীয় নেতাদের নিয়ে টিম গঠনের কথাও তিনি বলেন।
শেখ হাসিনা বলেন, “সমগ্র বাংলাদেশ তারা সফর করছে এবং সম্মেলনগুলো অনুষ্ঠিত করছে।”
সম্মেলনের কাজে উপদেষ্টা পরিষদের সদস্যদের সম্পৃক্ত হওয়ার প্রত্যাশাও প্রকাশ করেন আওয়ামী লীগ সভানেত্রী।
তিনি বলেন, “আপনারা আমাদের উপদেষ্টা পরিষদ। আপনারাই এ্যাকচুয়ালি আমাদের থিংক ট্যাঙ্ক। আপনারা আমাদের পরামর্শ দেবেন। আমরা আশা করি আপনারাও এই বিষয়টা দেখবেন।”
