
কেন্দ্রীয় ব্যাংক থেকে সার্কুলার জারি করে সব ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে
বাংলাদেশ ব্যাংক নিজস্ব তহবিল থেকে গম ও ভুট্টার উৎপাদন বাড়াতে ১ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিম গঠনের সিদ্ধান্ত নিয়েছে। এই স্কিম থেকে কৃষকদের ৪ শতাংশ সুদে ঋণ দেওয়া হবে।
বৃহস্পতিবার (২৫ আগস্ট) কেন্দ্রীয় ব্যাংক থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে সব ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে। পুনঃঅর্থায়ন স্কিম গঠনের সঙ্গে পরিচালনা নীতিমালার বিষয়েও সার্কুলারে বলা হয়েছে।
সার্কুলারে বলা হয়েছে, দেশে গম ও ভুট্টার পর্যাপ্ত চাহিদা থাকা সত্বেও এসব শস্য উৎপাদনের পরিমাণ যথেষ্ট নয়। এ কারণে খাদ্যদ্রব্যাদির সরবরাহ স্বাভাবিক রাখার জন্য প্রতি বছর গম ও ভুট্টা আমদানি করতে উল্লেখযোগ্য পরিমাণ বৈদেশিক মুদ্রা ব্যয় করতে হয়। এর পরিপ্রেক্ষিতে দেশে গম ও ভুট্টার উৎপাদন বাড়াতে ১ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিম গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
স্কিমের নাম: গম ও ভুট্টা উৎপাদন বৃদ্ধিকল্পে বিশেষ পুনঃঅর্থায়ন স্কিম।
স্কিমের মেয়াদ: ৩০ জুন, ২০২৫ পর্যন্ত। প্রয়োজনে স্কিমের মেয়াদ বৃদ্ধি করা যাবে।
পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় ঋণ সুবিধাপ্রাপ্তির লক্ষ্যে কৃষি ও পল্লী ঋণ নীতিমালার আওতাভুক্ত ব্যাংকগুলোর মধ্যে ইচ্ছুক ব্যাংকগুলোকে কৃষি ঋণ বিভাগ, বাংলাদেশ ব্যাংক, প্রধান কার্যালয়, ঢাকার সাথে একটি অংশগ্রহণ চুক্তি সম্পাদন করতে হবে।
অংশগ্রহণ চুক্তি সম্পাদনকারী ব্যাংকগুলোর অর্থবছরভিত্তিক চাহিদার ভিত্তিতে উক্ত ব্যাংকগুলোর অনুকূলে তহবিল বরাদ্দ করা হবে। বাংলাদেশ ব্যাংক প্রয়োজনের নিরিখে বরাদ্দের পরিমাণ পুনঃনির্ধারণ করতে পারবে। কৃষক পর্যায়ে ঋণ বিতরণের পর পেশকৃত পুনঃঅর্থায়ন দাবি পর্যালোচনাপূর্বক পর্যায়ক্রমে বরাদ্দকৃত তহবিলের সমপরিমাণ পুনঃঅর্থায়ন করা হবে।
রাফি-করিম/৩১/ডিএসই
