
ঢাকা : এবার ট্রাফিক শৃঙ্খলা রক্ষার কাজে সরাসরি যুক্ত হওয়ার সুযোগ পাচ্ছেন রাজধানীবাসী। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ‘হ্যালো ডিএমপি’ মোবাইল অ্যাপে বিশেষ একটি ফিচার যুক্ত করা হচ্ছে। সড়কে ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনা দেখতে পেলে সেই ছবি বা ভিডিও ধারণ করে অ্যাপটির মাধ্যমে পুলিশের কাছে পাঠালেই শুরু হবে অ্যাকশন। তথ্যদাতার নাম-পরিচয় গোপন রাখা হবে। সিগন্যাল অমান্য, উল্টো পথে গাড়ি চালানো, ফুটপাত দখল করে পার্কিং, নির্ধারিত লেনে না চলাসহ যেসব অনিয়ম বিশৃঙ্খলা দেখেও কিছু করার ভেবে এতদিন চুপ থেকেছেন নাগরিকরা।
তাদের সেই অসহায়ত্ব কাটাতেই নতুন এই পদক্ষেপ নিয়েছে ডিএমপির ট্রাফিক বিভাগ। ডিএমপি সূত্রে জানা যায়, নাগরিকের পাঠানো ছবি বা ভিডিও পেলে প্রথমে সংশ্লিষ্ট তথ্য যাচাই-বাছাই করা হবে। সত্যতা নিশ্চিত হওয়ার পর ডিজিটাল মামলা করা হবে। ঢাকার মতো ঘনবসতিপূর্ণ মহানগরে বিপুলসংখ্যক সড়ক ও যানবাহনের ওপর পুলিশের একক নজরদারি করা সব সময় সম্ভব হয় না। ট্রাফিক পুলিশ নির্দিষ্ট পয়েন্টে দায়িত্ব পালন করে থাকে। ফলে প্রতিটি সড়ক, অলিগলি বা মোড়ে একই সময়ে নজর রাখা কঠিন।
এ জন্য নাগরিকদের হাতে থাকা স্মার্টফোনকে সম্ভাব্য তথ্যসূত্র হিসেবে কাজে লাগাতে চাইছে ডিএমপি। সংশ্লিষ্টরা বলছেন, এ উদ্যোগ বাস্তবায়িত হলে ট্রাফিক আইন প্রয়োগের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে পারে। এতদিন ট্রাফিক অপরাধের ক্ষেত্রে পুলিশ সদস্যের প্রত্যক্ষ উপস্থিতি বা এআই ক্যামেরার ফুটেজের ওপর নির্ভর করতে হতো। নাগরিকদের পাঠানো ছবি ও ভিডিও যুক্ত হলে ঘটনার আরও একটি সম্ভাব্য প্রমাণভান্ডার তৈরি হবে।
নওরিন-০৮/ডিএসই-১০
