
ইউএনএফপিএর দুটি স্টাডি রিপোর্টের ওপর আলোচনা অনুষ্ঠান
মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. হাসানুজ্জামান কল্লোল বলেছেন, ‘পরিবারের পুরুষ সদস্যদের উচিত তাদের ঘরে থাকা নারীদের স্যানিটারি ন্যাপকিন উপহার সামগ্রী হিসেবে সরবরাহ করে উৎসাহিত করা।’
রোববার (১৮ সেপ্টেম্বর) রাজধানীর একটি হোটেলে কোভিড-১৯ মহামারি চলাকালীন বাল্যবিবাহ অবস্থা ও শহরের বস্তিতে মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা নিয়ে ইউএনএফপিএর দুটি স্টাডি রিপোর্টের ওপর আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলাবিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক ফরিদা পারভিন। প্রধান আলোচক ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সাবেক মহাপরিচালক অধ্যাপক ড. সৈয়দ মো. গোলাম ফারুক।
হাসানুজ্জামান কল্লোল বলেন, ‘বাল্যবিয়ে বন্ধের জন্য সম্মিলিত প্রচেষ্টা জরুরি। এটি বন্ধে দ্রুত পদক্ষেপ নেওয়ার সঙ্গে সুশাসনের সরাসরি সম্পর্ক আছে।’
তিনি বলেন, ‘প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে টয়লেট সুবিধা নিশ্চিত করতে হবে, যাতে নারী শিক্ষার্থীরা স্বাচ্ছন্দ্য বোধ করতে পারে।’
ফরিদা পারভিন বলেন, ‘প্রতিটি ইউনিয়নে বাল্যবিয়ে প্রতিরোধে বহুমুখী কর্মসূচি নেওয়া হয়েছে। সচেতনতা বাড়াতে ইউএনএফপিএ, দাতা, এনজিওসহ সবার সহযোগিতা অপরিহার্য।’
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউএনএফপিএ বাংলাদেশের ডেপুটি রিপ্রেজেন্টেটিভ মাসাকি ওয়াতাবে, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়, মহিলাবিষয়ক অধিদপ্তর, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, যুব উন্নয়ন অধিদপ্তর, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি), আইএনজিওদের কর্মকর্তা, শিক্ষাবিদসহ অনেকে।
রওশন-আলী/০৯/ডিএসই
