
রঙ-বেরঙের ব্যানার-ফেস্টুন হাতে বিএনপির
শুক্রবার বিকাল ৩টায় লাল সবুজ পতাকা, রঙ-বেরঙের ব্যানার-ফেস্টুন হাতে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে বাংলাদেশের স্বাধীনতার ৫১তম বার্ষিকীতে রাজধানীতে বর্ণাঢ্য বিজয় শোভাযাত্রা করেছে বিএনপি এবং এর অঙ্গ সংগঠনগুলো।
বিএনপির র্যালি ঘিরে নয়া পল্টন, কাকরাইল, বিজয়নগর সড়ক, শান্তিনগর ও মালিবাগের সড়কে নিরাপত্তা জোরদার করে আইনশৃঙ্খলা বাহিনী। মালিবাগ মোড়ে ব্যারিকেড বসায় পুলিশ।
বিএনপির শোভাযাত্রার প্রথম সারিতে ছিলেন জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের নেতাকর্মীরা। এরপর মহিলা দল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, জাসাস, মৎস্যজীবী দল, তাঁতী দল, শ্রমিক দল, যুব দল ও ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নেতাকর্মীরা ছিলেন।
বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান এবং খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি সম্বলিত প্ল্যাকার্ড তুলে ধরে তারা মিছিলে অংশ নেন। বিএনপি চেয়ারপারসনের মুক্তি দাবি করেন স্লোগানে স্লোগানে।
র্যালি শুরুর আগে নয়া পল্টনে সংক্ষিপ্ত সমাবেশ করে বিএনপি। সেখানে দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বক্তব্য দেন।
দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, বরকত উল্লাহ বুলু, মোহাম্মদ শাহজাহান, আবদুল আউয়াল মিন্টু, আহমেদ আজম খান, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমান উল্লাহ আমান, আবুল খায়ের ভুঁইয়া, শাহাজাদা মিয়াসহ কেন্দ্রীয় নেতারা কর্মীদের র্যালিতে অংশ নেন।
তানভির/২২/ডিএসই
