
সাকিব আল হাসান
আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে প্রথম ক্রিকেটার হিসেবে একশ উইকেট ও দুই হাজার রান করার রেকর্ড গড়েছেন সাকিব।
যেখানে পাহাড় সমান রান তাড়া করতে নেমে ক্রিজে দাঁড়াতেই পারছিলেন বাংলাদেশের ব্যাটাররা, সেখানে একাই ব্যাট হাতে লড়াই করে যান দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। শেষ পর্যন্ত লড়াই চালিয়ে গেলেও পারেননি দেশকে জেতাতে। তবে গড়েছেন বিশ্ব রেকর্ড।
ডোমিনিকায় অনুষ্ঠিত ম্যাচে ব্যক্তিগত অর্ধশতক পূর্ণ করার পর দুই হাজার রানের মাইলফলকও স্পর্শ করেন সাকিব আল হাসান। বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের পর দ্বিতীয় ব্যাটার হিসেবে দুই হাজারি ক্লাবে প্রবেশ করেছেন তিনি।
ওবেদ ম্যাককয়ের করা ইনিংসের ১৯তম ওভারে ছক্কা হাঁকিয়ে দুই হাজার রানে পা রাখেন সাকিব। শেষ পর্যন্ত তিনি অপরাজিত থাকেন ৫২ বলে ৬৮ রানে। আর এই শৈল্পিক ইনিংসটি সাতটি চার ও দুটি ছয়ে সাজানো। আর ১৯৪ রানের জবাবে ব্যাট করতে নেমে তার দল থেমেছে ১৫৮ রানে। ফলে ৩৫ রানের ব্যবধানে হেরেছে বাংলাদেশ।
স্পোর্টস-ডেস্ক/২২/ডিএসই
