Wednesday, July 29

সরকার উৎখাতের আন্দোলনে একমত বিএনপি ও গণতন্ত্র মঞ্চ

বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে গণতন্ত্র মঞ্চের সঙ্গে সংলাপ

মঙ্গলবার (১৫ নভেম্বর) গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে গণতন্ত্র মঞ্চের সঙ্গে সংলাপ শেষে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, চলমান রাজ‌নৈ‌তিক আন্দোলনে একমত হ‌য়ে‌ছে বিএনপি ও গণতন্ত্র মঞ্চ।

তিনি বলেন, বর্তমান সরকারের বিরুদ্ধে জাতীয় আন্দোলন হবে জাতীয় ঐক্য সৃষ্টির আন্দোলন। এর মাধ্যমে আমরা একটি গণআন্দোলন গড়ে তুলবো।

ফখরুল বলেন, আপাতত সরকার পতনের লক্ষে জাতীয় ঐক্য সৃষ্টি করা হবে। পরে সমমনা দলগুলোকে সঙ্গে নিয়ে এ আন্দোলনকে বেগবান করবো। জনগণের অংশগ্রহণের মধ্য দিয়ে আওয়ামী লীগকে পরাজিত করতে সক্ষম হবো।

মির্জা ফখরুল আরও বলেন, জনগণের কাছে দেশের মালিকানা ফিরিয়ে দিতে, অবাধ ও সুষ্ঠু নির্বাচন এবং ফ্যাসিস্ট সরকার হঠানোর আন্দোলনে অংশগ্রহণকারী দলগুলোকে প্রস্তাব করেছি একটি জাতীয় সরকার গঠনের। এ লক্ষে আমরা বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে কথা বলেছি। এরই অংশ হিসেবে আজ গণতান্ত্রিক মঞ্চের সঙ্গে আলোচনা হয়েছে।

রিপন-দাস/২০/ডিএসই