
অভিন্ন দর তফসিলে (শিডিউল অব রেট) নিয়ে আসা হবে
অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সরকারি পূর্ত কাজের জন্য অভিন্ন দর-তফসিল নির্ধারণ চূড়ান্ত করা হচ্ছে। পূর্ত কাজের অভিন্ন দর নির্ধারণের জন্য ইতোমধ্যে অর্থ মন্ত্রণালয়ে কয়েক দফা সভা হয়েছে।
বর্তমানে সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের আওতায় বাস্তবায়নাধীন একই ধরনের কাজে ভিন্ন ভিন্ন দর নির্ধারিত রয়েছে। এখন এই দরগুলো একটি অভিন্ন দর তফসিলে (শিডিউল অব রেট) নিয়ে আসা হবে। দর নির্ধারণ কাজ চূড়ান্ত করার জন্য অর্থ বিভাগের আওতায় একটি কমিটি গঠন করা হয়েছে। ছয় সদস্য বিশিষ্ট এই কমিটির সভাপতি করা হয়েছে অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনার অতিরিক্ত সচিবকে।
কমিটির অন্য সদস্যরা হচ্ছেন-পরিকল্পনা কমিশনের একজন প্রতিনিধি (যুগ্ম সচিব পদমর্যাদার নিচে নয়) সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি (যুগ্ম সচিবের নিচে নয়), বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় পুরকৌশল বিভাগের একজন অধ্যাপক, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের/বিভাগের অধীনস্থ দফতরের দফতর প্রধান। কমিটিতে সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনার যুগ্ম সচিব।
এ বিষয়ে অর্থ বিভাগের একজন কর্মকর্তা বলেন, ২০২০ সালের ডিসেম্বর মাসে প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের সভাপতিত্বে অনুষ্ঠিত এক আন্তঃমন্ত্রণালয় সভায় এই কমিটি গঠনের সিদ্ধান্ত হয়। সেই সভায় সরকারি পূর্ত কাজের একটি অভিন্ন দর নির্ধারণ প্রয়োজনীয়তা বিষয়ে আলোচনা করা হয়। সেখানে বলা হয়, সরকারের পূর্ত বা বিভিন্ন নির্মাণকাজের মধ্যে সামঞ্জস্যহীনতা বিরাজ করছে।
দেখা গেছে, একটি মন্ত্রণালয় বা বিভাগের একটি কাজের দর-তফসিল ১০ বছরে ২০ বার পরিবর্তন করা হয়েছে। আবার কোনোটি পাঁচবার পরিবর্তন করা হয়েছে। একই কাজে দর-তফসিল মন্ত্রণালয় বা বিভাগ ভেদে ব্যাপক মাত্রায় তারতম্য হচ্ছে। এ ক্ষেত্রে কোনো নীতিমালা অনুসরণ করা হয়নি।
আশরাফুল-করিম/৩১/ডিএসই
