
সোমবার (১৩ জুলাই) রাতে সংসদ অধিবেশনে সংবিধান সংশোধনের লক্ষ্যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে সভাপতি করে ১২ সদস্যের একটি বিশেষ কমিটি গঠন করেছে জাতীয় সংসদ।
তবে এই উদ্যোগকে জনগণের রায়ের পরিপন্থী এবং ‘সংবিধান সংস্কার পরিষদ’ গঠনের দাবিকে পাশ কাটানোর চেষ্টা আখ্যা দিয়ে এর প্রতিবাদে অধিবেশন কক্ষ থেকে ওয়াকআউট করেন বিরোধীদলীয় সংসদ সদস্যরা।
সংসদ নেতা তারেক রহমানের পক্ষে সোমবার চিফ হুইপ নূরুল ইসলাম সংসদে এই বিশেষ কমিটি গঠনের প্রস্তাব দেন। মূলত কমিটি ১৭ সদস্যের হওয়ার কথা ছিল। তবে বিরোধী দলের জন্য নির্ধারিত পাঁচটি পদে তারা কোনো সদস্যের নাম জমা না দেওয়ায় আপাতত পদগুলো শূন্য রেখেই ১২ সদস্যের কমিটি অনুমোদন দেওয়া হয়। চিফ হুইপ সংসদকে জানান, বিরোধী দলের সঙ্গে কয়েক দফা আলোচনার পরও তারা নাম দেয়নি। তবে ভবিষ্যতে তারা নাম দিলে নতুন সদস্যদের অন্তর্ভুক্ত করে কমিটি পুনর্গঠন করা হবে।
কমিটিতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে সভাপতি করা হয়েছে। অন্য সদস্যরা হলেন – চিফ হুইপ নূরুল ইসলাম, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, বিএনপির সংসদ সদস্য জয়নাল আবেদিন, মীর হেলাল উদ্দিন, ফারজানা শারমিন, শাকিলা ফারজানা, মাহমুদুল হক, গণসংহতি আন্দোলনের জুনায়েদ আব্দুর রহিম সাকি, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) আন্দালিব রহমান পার্থ, গণঅধিকার পরিষদের নুরুল হক এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. অলিউল্লাহ।
চিফ হুইপ প্রস্তাবটি উত্থাপন করার পর ফ্লোর নিয়ে এর তীব্র বিরোধিতা করেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি স্পষ্ট জানিয়ে দেন যে, তারা কখনোই এই কমিটিতে নাম দেওয়ার প্রতিশ্রুতি দেননি এবং প্রথম অধিবেশন থেকে তাদের যে অবস্থান ছিল, সেখানেই তারা অনড় রয়েছেন।
রেজা/১৩/ডিএসই-৬-২৬
