
সংসদ সদস্য শামসুল হক টুকু
রবিবার (২৮ আগস্ট) জাতীয় সংসদে চিফ হুইপ নূর-ই আলম চৌধুরী পাবনা-১ আসনের সংসদ সদস্য শামসুল হক টুকু জাতীয় সংসদের ডেপুটি স্পিকার হিসেবে নাম প্রস্তাব করলে সরকার দলের অপর সদস্য কামরুল ইসলাম সেই প্রস্তাবে সমর্থন জানান।
স্পিকার শিরীন শারমিন চৌধুরী জানান, ডেপুটি স্পিকার পদে একটিমাত্র মনোনয়ন পাওয়া গেছে। পরে সংসদে কণ্ঠভোটে তাকে সর্বসম্মতিক্রমে ও বিনাপ্রতিদ্বন্দ্বিতায় ডেপুটি স্পিকার নির্বাচিত করা হয়।
নতুন ডেপুটি স্পিকারকে আজ (রবিবার) সন্ধ্যা সাতটায় শপথ পড়াবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। সংসদ ভবনে রাষ্ট্রপতির চেম্বারে এই শপথ হবে।
নিয়ম অনুযায়ী স্পিকার বা ডেপুটি স্পিকারের পদ শূন্য হলে ওই সময় যদি সংসদের অধিবেশনের থাকে, তবে সাত দিনের মধ্যে নির্বাচনের বিধান রয়েছে। আর অধিবেশনে না থাকলে পরের অধিবেশনের প্রথম দিন নির্বাচন করার বাধ্যবাধকতা রয়েছে। সেজন্য রবিবার কার্যাবলির শুরুতেই ডেপুটি স্পিকার নির্বাচন হয়।
তওফিক/২৪/ডিএসই
