
১০ লাখ মুসলমান ‘লাব্বাইক আল্লাহুমা লাব্বাইক’ ধ্বনিতে মুখরিত হয়ে উঠেছে বিদায় হজের স্মৃতি বিজড়িত এই ময়দান
সৌদি আরবে মিনা থেকে আরাফার ময়দানে হাজির হয়েছেন সারা পৃথিবীর ১০ লাখ মুসলমান। ‘লাব্বাইক আল্লাহুমা লাব্বাইক’ ধ্বনিতে মুখরিত হয়ে উঠেছে বিদায় হজের স্মৃতি বিজড়িত এই ময়দান।
সেখানে তারা সূর্যাস্ত পর্যন্ত থেকে হজের খুতবা শুনবেন এবং জুমা ও আসরের নামাজ পড়বেন। এ বছর আরাফাতের ময়দানে হজের খুতবা দেবেন মসজিদে নামিরার খতিব মুহাম্মাদ আবদুল করীম আল-ঈসা। এ খুতবা রেডিও ও টেলিভিশনে সম্প্রচার করা হবে বিশ্বময়।
কোভিড মহামারীর ভয়বহতা কাটিয়ে ওঠায় দুবছর পর কিছুটা বড় পরিসরে হজ হচ্ছে এবার।
এ বছর যারা হজ করছেন, তাদের মধ্যে সাড়ে ৮ লাখ মানুষ বিশ্বের বিভিন্ন দেশ থেকে এসেছেন, বাকিরা সৌদি আরবে থাকেন। বাংলাদেশ থেকে এবার হজ করার সুযোগ পেয়েছেন ৬০ হাজার মুসলমান।
বুধবার তারা পবিত্র নগরী মক্কায় কাবা শরীফ তাওয়াফ করেন। এরপর রাতে এশার নামাজের পর থেকে জড়ো হতে শুরু করেন কাবা শরিফ থেকে ১০ কিলোমিটার দূরে মিনায়।
বৃহস্পতিবার সারা দিন ও রাত তারা সেখানে কাটান ইবাদত-বন্দেগির মধ্য দিয়ে। আল্লাহর নৈকট্য লাভের আশায় তারা জিকির করেন, নামাজ পড়েন জামাতে।
হজের মূল আনুষ্ঠানিকতার জন্য শুক্রবার ভোরের আগেই তারা সমবেত হতে থাকেন আরাফাতের ময়দানে।
ইসলামী রীতি অনুযায়ী, জিলহজ মাসের নবম দিনটি আরাফাতের ময়দানে অবস্থান করে ইবাদতে কাটানোই হল হজ।
চার বর্গমাইল আয়তনের এই বিশাল সমতল আরাফা ময়দানের দক্ষিণ দিকে মক্কা হাদা তায়েফ রিং রোড, উত্তরে সাদ পাহাড়। সেখান থেকে আরাফাত সীমান্ত পশ্চিমে আরও প্রায় পৌনে এক মাইল বিস্তৃত।
রেজা/১৮/ডিএসই
