
শামলাপুর নোয়াহালী বনের গভীরে রোহিঙ্গা সন্ত্রাসীদের আস্তানা
কক্সবাজারের টেকনাফে বাড়ি থেকে দুই বাংলাদেশিকে অপহরণ করে শনিবার সন্ধ্যায় ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে রোহিঙ্গা সন্ত্রাসীরা।
শুক্রবার (২৯ জুলাই) রাত ১১টার দিকে এ অপহরণের ঘটনা ঘটে। শনিবার (৩০ জুলাই) রাত ১১টা পর্যন্ত ওই দুই বাংলাদেশি যুবককের সন্ধান পাওয়া যায়নি।
অপহৃতরা হলেন- টেকনাফ উপজেলার শামলাপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নোয়াহালী পাড়ার মো. ইলিয়াসের ছেলে মোহাম্মদ মুমিনুল (২৫) একই পাড়ার মোহাম্মদ ইসমাইলের ছেলে মোহাম্মদ নূর (২০)।
মোহাম্মদ নূরের বাবা ইসমাইল জানিয়েছেন, শুক্রবার রাত ১১টার দিকে তার ছেলেকে বাড়ি থেকে তুলে নিয়ে যায় রোহিঙ্গা সন্ত্রাসীরা। এরপর শনিবার সন্ধ্যায় রোহিঙ্গা সন্ত্রাসী আলিয়াকিন গ্রুপ পরিচয় দিয়ে তার কাছে ছেলের মুক্তির জন্য টাকা দাবি করে। যদি পুলিশ কিংবা র্যাবকে জানাই তাহলে ছেলেকে মেরে ফেলবে বলে হুমকি দিয়েছে তারা।
শামলাপুর ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) ইলিয়াস হোসেন বলেন, মাঝেমধ্যেই ঘটছে অপহরণের ঘটনা। কোনোভাবেই তাদের কার্যক্রম থামানো যাচ্ছে না। বিষয়টি আমি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে একাধিকবার বলেছি। তারপরও প্রতিকার পাচ্ছি না। আমরা খুব আতঙ্কে আছি।
দুই জনকে অপহরণের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে উল্লেখ করে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত (ওসি) হাফিজুর রহমান বলেন, ‘অপহৃতদের উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ। একইসঙ্গে অপহরণকারীদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।’
আলি-আজম/০৯/ডিএসই
