Wednesday, July 29

যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

নিহত পারভেজ মিয়া

ময়মনসিংহ শহরের ২৯ নম্বর ওয়ার্ডের যুবলীগ নেতা পারভেজ মিয়াকে কুপিয়ে আহত করার পর হাসপাতালে মৃত্যু হয়েছে।

কোতোয়ালি মডেল থানার ওসি মো. শাহ কামাল আকন্দ জানান, শুক্রবার সন্ধ্যায় হামলার শিকার হওয়ার পর রাত সাড়ে ১০টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পারভেজের মৃত্যু হয়।

পারভেজের কবজি, গলা ও শরীরের বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল জানিয়ে পুলিশ কর্মকর্তা বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ময়মনসিংহ মহানগর যুবলীগের আহ্বায়ক শাহিনুর রহমান বলেন, “মাদকাসক্তরা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। দ্রুত তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।”

বিকালে স্থানীয় একদল যুবকের সাথে পারভেজের কথা কাটাকাটি হয়েছিল জানিয়ে ওসি শাহ কামাল আকন্দ বলেন, “সন্ধ্যার পরে তারা পারভেজকে একা পেয়ে কুপিয়ে আহত করে। এ হত্যাকাণ্ডের কারণ জানতে এবং জড়িতদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।”

ইমরান/০৪/ডিএসই