Wednesday, September 16

যুক্তরাজ্যের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আমন্ত্রন প্রধানমন্ত্রীর

কনফেডারেশন অব ব্রিটিশ ইন্ডাস্ট্রির (সিবিআই) প্রেসিডেন্ট চেলসির লর্ড করন বিলিমোরিয়া সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে জানানো হয়েছে, যুক্তরাজ্যের ব্যবসায়ীদের বাংলাদেশে বিরাজমান বিনিয়োগের সুযোগ কাজে লাগানোর আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার (১৬ সেপ্টেম্বর) যুক্তরাজ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি সফরের দ্বিতীয় দিনে কনফেডারেশন অব ব্রিটিশ ইন্ডাস্ট্রির (সিবিআই) প্রেসিডেন্ট চেলসির লর্ড করন বিলিমোরিয়া সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এ আমন্ত্রণ জানান।

প্রসঙ্গত, লর্ড বিলিমোরিয়া প্রথম দক্ষিণ এশিয়ান পার্সি বংশোদ্ভূত ব্যক্তি; যিনি যুক্তরাজ্যের হাউজ অব লর্ডসে স্থান পেয়েছেন। 

এসময় প্রধানমন্ত্রী ভ্যাকসিন উন্নয়ন গবেষণায় তার সরকারের প্রচেষ্টা এবং আন্তর্জাতিক প্রতিষ্ঠান বা ব্যবসায়িক প্রতিষ্ঠানের সাথে অংশীদারিত্বের জন্য বাংলাদেশের প্রস্তুতির কথা তুলে ধরেন। তিনি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকালে লর্ড বিলিমোরিয়ার প্রয়াত পিতা ভারতীয় সেনাবাহিনীর জেনারেল ফরিদুন বিলিমোরিয়ার অবদানের প্রতি শ্রদ্ধা জানান।

লর্ড বিলিমোরিয়া বার্মিংহাম ইউনিভার্সিটির চ্যান্সেলর হিসেবে বাংলাদেশের সাথে উচ্চশিক্ষা ক্ষেত্রে অংশীদারিত্ব গড়ে তোলার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন। তিনি প্রধানমন্ত্রীকে তার পছন্দের একটি বিষয়ে বক্তৃতা করার জন্য বিশ্ববিদ্যালয়ে আমন্ত্রণ জানান।

পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, প্রধানমন্ত্রী কার্যালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ তোফাজ্জেল হোসেন মিয়া এবং যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম এসময় উপস্থিত ছিলেন।

বাসস/২৪ ডিএসই