রেজাউল করিম

ডিএসই গ্রাফিক্স
দেশের লেনদেনের প্রধান বৈদেশিক মুদ্রা ডলারের চলমান সঙ্কট সামলানোর এ সময়ে বাড়তে থাকা আমদানি ব্যয়ের রাশ টেনে ধরতে আগামী ২০২২-২৩ অর্থবছরের বাজেটে আমদানি প্রবৃদ্ধির লক্ষ্য কমানোর প্রস্তাব করেছে অর্থ বিভাগ।
বাজেট প্রণয়নের দায়িত্বপ্রাপ্ত অর্থ মন্ত্রণালয়ের এই বিভাগের কর্মকর্তারা জানান, আগামী বছরের আয় ব্যয়ের ফর্দ মেলানোর যে ছক কষা হচ্ছে সেটির প্রস্তাবিত আকার দাঁড়িয়েছে পৌনে ৭ লাখ কোটি টাকা।
চলতি অর্থবছরে মোট আমদানি ৮০ বিলিয়ন ডলার ছাড়িয়ে যেতে পারে জানিয়ে সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং (সানেম) এর নির্বাহী পরিচালক অধ্যাপক সেলিম রায়হান আমদানি নিয়ন্ত্রণে সরকারের প্রস্তাবিত কৌশলকে সমর্থন করছেন।
তিনিও মনে করেন, আগামী বছর আমদানি বিল পরিশোধ করতে গিয়ে বৈদেশিক মুদ্রার রিজার্ভ যেন চাপে না পড়ে, সেজন্য একান্তই নিত্যপ্রয়োজনীয় পণ্য না হলে আমদানি নিরুৎসাহিত করতে পারে সরকার।
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মূল্যস্ফীতির চাপ সামলানো আর বৈদেশিক লেনদেনের ভারসাম্য ঠিক রাখার কৌশল বেছে নেওয়ার এসময়কালে নতুন বাজেটের আকার চলতি ২০২১-২২ অর্থবছরের বাজেটের চেয়ে ১২ শতাংশ বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।
প্রস্তাবিত এ বাজেটের ঘাটতিও ধরা হচ্ছে বিশাল। প্রায় ২ লাখ ৪০ হাজার কোটি টাকার ঘাটতি মেটাতে এবার আলোচনায় থাকা বিদেশি ঋণ নেওয়ার লক্ষ্যের হার কমানোর কথাও ভাবা হচ্ছে।
অন্যদিকে দেশের ব্যাংকগুলো থেকে ঋণের পরিমাণ ৩৩ শতাংশের মতো বাড়িয়ে ১ লাখ কোটি টাকায় নেওয়ার প্রস্তাব থাকছে।
চলতি অর্থবছরে ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকার বাজেটে সরকারের ব্যাংক ঋণের লক্ষ্য ছিল ৭৬ হাজার ৪২৫ কোটি টাকা।
আগামী ৯ জুন জাতীয় সংসদে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ২০২২-২৩ অর্থবছরের যে প্রস্তাবিত বাজেট উপস্থাপন করতে যাচ্ছেন।
অর্থ মন্ত্রণালয় বাজেটের হিসাব নিকাশ করে ভর্তুকি, প্রণোদনা ও নগদ ঋণ প্রদানের জন্য এবার প্রায় দেড় লাখ কোটি টাকা বরাদ্দ রাখা প্রস্তাব করেছে।
আগামী অর্থবছরের প্রস্তাবিত বাজেটে দেশের প্রান্তিক মানুষকে সুরক্ষা দিতে সামাজিক সুরক্ষার কয়েকটি খাতে চলমান বাজেটের চেয়ে সোয়া ৫ হাজার কোটি টাকার একটু বেশি (৫ শতাংশ) বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। চলতি অর্থবছরের বাজেটে এ খাতের বরাদ্দ রয়েছে ১ লাখ ৭ হাজার ৬১৪ কোটি টাকা।
সাবেক গভর্নর ফরাসউদ্দিন বলেন, “আসলে সামাজিক সুরক্ষা খাতে বরাদ্দের হারের চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এই খাতের মধ্যে সরকারি কর্মচারীদের পেনশন ও সঞ্চয়পত্রের সুদ দেখানো হচ্ছে।”
সম্পাদক/০৯/ডিএসই
