
আন্তর্জাতিক ডেস্ক : দ্য নিউ আরব সূত্রে জানা গেছে, মিশর বাব আল-মান্দাব প্রণালীর পরিস্থিতি পর্যবেক্ষণে একটি সংকট ব্যবস্থাপনা দল গঠন করেছে। হুথি বাহিনী কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ইয়েমেনের মায়ুন দ্বীপে পৌঁছানোর পর এ উদ্যোগ নেওয়া হয়েছে।
মায়ুন, যা পেরিম নামেও পরিচিত, বাব আল-মান্দাব প্রণালীর দক্ষিণ প্রবেশমুখে অবস্থিত। এটি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ—যা এডেন উপসাগরকে লোহিত সাগরের সঙ্গে এবং আরও উত্তরে সুয়েজ খালের সঙ্গে সংযুক্ত করেছে।
মিশরীয় সূত্রটি জানায়, সর্বশেষ সামরিক পরিস্থিতির কারণে লোহিত সাগরে জাহাজ চলাচল এবং সুয়েজ খালের নৌ-ট্রাফিকের ওপর সম্ভাব্য প্রভাব নিয়ে কায়রো উদ্বিগ্ন। সুয়েজ খাল মিশরের অন্যতম প্রধান রাজস্বের উৎস।
নওরিন-১২/ডিএসই-৯
