Wednesday, July 29

মানবাধিকার হাইকমিশনার মিশেল বাচেলেটের প্রস্তাব গ্রহনযোগ্য নয় – পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সংবাদ সম্মেলনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম

জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনার মিশেল বাচেলেটের ঢাকা ত্যাগের ১২ দিন পর তার সফর নিয়ে মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম বলেন, “যদি বিভাগগুলোর মধ্যে মেকানিজম না-ই থাকতো, তাহলে র‍্যাবের বের চার শতাধিক কর্মকর্তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা কেন গ্রহণ করা হয়েছে। এ পর্যন্ত এক হাজারের বেশি পুলিশ কর্মকর্তা ও কর্মচারীর বিরুদ্ধে কেন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। একই বিভাগের অন্য কাউকে দিয়ে তদন্ত করাটা গ্রহণযোগ্য হবে না, এটির কোনও যুক্তি আমি দেখি না।”

তিনি বলেন, ‘এর বাইরে যদি যান, আপনি কি ভাবছেন সুশীল সমাজকে দিয়ে তদন্ত করাবো? তাহলে তো তারা বলবে যে শাহরিয়ার আলমের নেতৃত্বে ওই খুনগুলো হয়েছে। তারা এ ধরনের রিপোর্ট লিখতে প্রস্তুত আছে।’

উল্লেখ্য যে গুম বিষয়ে তদন্তের জন্য স্বাধীন বিশেষায়িত মেকানিজম প্রতিষ্ঠার প্রস্তাব দিয়েছিলেন জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনার মিশেল বাচেলেট। সম্প্রতি ঢাকা সফরের সময়ে তিনি এই প্রস্তাব দেন এবং প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার প্রস্তুতির কথাও সরকারকে জানান।