
সংঘর্ষ থামাতে ৪২ রাউন্ড বুলেট নিক্ষেপ করে পুলিশ
কিশোরগঞ্জের ভৈরবের পৌর শহরের ভৈরবপুর এলাকায় শনিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত দফায় দফায় দুই গ্রুপের সংঘর্ষে তিনজন গুলিবিদ্ধসহ ২০ জন আহত হয়েছেন। এ সময় ১০টির বেশি দোকানপাট ভাঙচুর ও লুটপাট করা হয়। সংঘর্ষ থামাতে ৪২ রাউন্ড বুলেট নিক্ষেপ করে পুলিশ।
তবে কী কারণে দুইপক্ষের মধ্য সংঘর্ষ হয়েছে তা কেউ বলতে পারছেন না।
পুলিশের গুলিতে গুরুতর আহত ভৈরবপুর উত্তরপাড়া এলাকার আবু সাঈদ মিয়ার ছেলে ইমতিয়াজ আহমেদকে (৩৫) উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়াও গুলিবিদ্ধ হয়ে আহত হন একই এলাকার মৃত শাহাবুদ্দিনের ছেলে অপু (২৭) ও জামাল মিয়ার ছেলে দুর্জয় (২২)। অন্যান্য আহতরা হলেন- রাবিম (১৬), রাফসা (৬), মবিন (২০), রাশিদ মিয়া (২৫), খোকন মিয়া (১৪) সহ আরও অনেকেই। তারা ইটপাটকেলের আঘাতে আহত হয়েছেন।
ভৈরব থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) মো. কায়সার আহমেদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এ সময় দুইপক্ষের লোকেরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে পুলিশের ওপর আক্রমণ করলে পুলিশ আত্মরক্ষার্থে ৪২ রাউন্ড গুলি ছোড়ে। পরিস্থিতি শান্ত রাখতে পুলিশ এখনো কাজ করছে।
এআর-পলাশ/১১/ডিএসই
