
তৃতীয় বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ
পর্যটক, শিক্ষার্থী এবং ব্যবসায়িক ভিসা সম্পর্কিত রিভাইজড ট্র্যাভেল অ্যারেঞ্জমেন্টসের (২০১৮) অধীনে থাকা নীতিমালা আরও নিবিড় বাস্তবায়নের বিষয়ে সম্মত হয়েছে বাংলাদেশ ও ভারত। সেই সঙ্গে ভিসা পদ্ধতি, প্রবেশ ও প্রস্থানের নিয়মগুলো আরও সহজ করতে সম্মত হয়েছে উভয় দেশ।
সোমবার (২৫ জুলাই) বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপে এমন সম্মতি জানিয়েছেন দুই দেশের প্রতিনিধিরা।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ঢাকায় তৃতীয় বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ অনুষ্ঠিত হয়েছে। এতে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) মাশফি বিনতে শামস। ভারতীয় প্রতিনিধিদলের নেতৃত্ব দেন সেক্রেটারি (সিপিভি এবং ওআইএ) ড. আউসফ সাঈদ।
সংলাপে কনস্যুলার ইস্যুতে সমন্বয় ও সহযোগিতা জোরদারে দুইপক্ষই কার্যপ্রণালী নিয়ে বিস্তারিত আলোচনা করেছে। এর মধ্যে একে অপরের আটক নাগরিকদের প্রত্যার্পণের জন্য স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) চূড়ান্তকরণ এবং আটক জেলেদের দ্রুত মুক্তির প্রক্রিয়াও অন্তর্ভুক্ত ছিল।
সিদ্ধার্থ/০৯/ডিএসই
