Wednesday, July 29

বুধবার লঞ্চভাড়া পুনর্নির্ধারণে সিদ্ধান্ত

জ্বালানি তেলের দাম বাড়ায় লঞ্চ মালিকরা শতভাগ ভাড়া বাড়ানোর প্রস্তাব দিয়েছে

জ্বালানি তেলের দামবৃদ্ধির ফলে লঞ্চভাড়া বাড়াতে আট ধাপের প্রস্তাব দিয়েছে নৌ পরিবহন মন্ত্রণালয় গঠিত ওয়ার্কিং কমিটি। কমিটি সরকারের কাছে ১৯, ২২, ২৫, ৩০, ৩৫, ৪০, ৪২ ও ৫০ শতাংশ হারে ভাড়া বাড়ানোর প্রস্তাব করেছে। এর মধ্য থেকে অনুমোদন দেয়া হবে একটি প্রস্তাব।

সোমবার (৮ আগস্ট) রাতে নৌপরিবহন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম খান এ তথ্য জানান।

মঙ্গলবার (৯ আগস্ট) আশুরার ছুটি থাকায় বুধবার (১০ আগস্ট) কমিটির প্রস্তাব বিবেচনায় নিয়ে লঞ্চভাড়া পুনর্নির্ধারণে বিষয়ে সিদ্ধান্ত হতে পারে বলে জানান নৌপরিবহন মন্ত্রণালয়ের এই কর্মকর্তা।

এর আগে দুপুরে সচিবালয়ে ‘জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পরিপ্রেক্ষিতে নৌযানের ভাড়া সমন্বয়ের লক্ষ্যে সভা’ হয়। নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মহমুদ চৌধুরী বিদেশ সফরে থাকায় মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় লঞ্চ মালিকসহ সংশ্লিষ্ট অন্যান্য দফরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ভাড়া নির্ধারণে জ্বালানি বিভাগের প্রস্তাব বিবেচনায় নেওয়া হচ্ছে কিনা- জানতে চাইলে দুপুরে নৌ-সচিব সাংবাদিকদের বলেছিলেন, আমরা সেই গাইডলাইনটাকে মূলভিত্তি হিসেবে ধরে এগোচ্ছি। সেটা থেকে ৫-১০ শতাংশের মধ্যে হয়তো পার্থক্য হতে পারে। আমরা চেষ্টা করবো সেই গাইড লাইনটার মধ্যে থাকতে।

জ্বালানি তেলের দাম বাড়ায় লঞ্চ মালিকরা ভাড়া শতভাগ বাড়ানোর প্রস্তাব দিয়েছেন।

তবে নৌ-সচিব বলেন, ভাড়া বৃদ্ধি বা পুনর্নির্ধারণের দরকার আছে, কিন্তু এ প্রস্তাব আমাদের কাছে একটু বেশিই মনে হয়েছে।

রাসেল/২১/ডিএসই