
ঢাকা : শনিবার (১৫ আগস্ট) বিএনপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে নতুন করে চার নেতাকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
তারা হলেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ, চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক ফরহাদ হালিম (ডোনার) এবং প্রধানমন্ত্রীর জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ।
দলের সহদপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, দলের সাংগঠনিক গতিশীলতা বাড়ানো ও দলীয় সিদ্ধান্তের আলোকে চার নেতাকে জাতীয় স্থায়ী কমিটির সদস্য করা হয়েছে।
বিএনপির সর্বশেষ জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হয় ২০১৬ সালের ১৯ মার্চ। ওই কাউন্সিলের পর দলের জাতীয় স্থায়ী কমিটি পুনর্গঠন করা হয়। পরবর্তী সময়ে কয়েকজন সদস্যের মৃত্যু, পদত্যাগসহ বিভিন্ন কারণে স্থায়ী কমিটির কয়েকটি পদ শূন্য হয়। ধাপে ধাপে এসব পদে নতুন সদস্য যুক্ত করেছে বিএনপি। এবার একসঙ্গে চার নেতাকে স্থায়ী কমিটিতে অন্তর্ভুক্ত করা হলো।
সেলিম-১৫/ডিএসই-৮
