
বাগেরহাট : শুক্রবার (৭ আগস্ট) সকালে বাগেরহাট সার্কিট হাউজ মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন, ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তাদের নেতাকর্মীদের আমাদের দলে যুক্ত করতে হলে কেন্দ্রের অনুমতি লাগবে।
বাগেরহাট জেলা জামায়াতের আমির মাওলানা রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় ডা. শফিকুর রহমান বলেন, তাদের রাজনীতি করার সময় এখনো আসেনি। তারা অসংখ্য মায়ের কোল খালি করেছে। বিনিময়ে তারা এখন পর্যন্ত দুঃখ প্রকাশও করেনি। পক্ষান্তরে তারা এখনো হুমকি ধমকি দিয়ে আসছে। রাজনীতি হচ্ছে একটি সুস্থ সাংস্কৃতিক চর্চার জায়গা। এখানে কোনো মাস্তান বা সন্ত্রাসী মানসিকতার মানুষের স্থান নেই।
তিনি বলেন, গণমাধ্যম সমাজের গুরুত্বপূর্ণ একটি অংশ। দেশের মানুষের কাছে সঠিক তথ্য তুলে ধরতে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের পেশাগত নিরাপত্তার বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন।
সভায় জামায়াতে ইসলামী বাগেরহাট জেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা ও বাগেরহাট থেকে নির্বাচিত তিন এমপি উপস্থিত ছিলেন।
তানভির-০৭/ডিএসই-৮
