
জনপ্রশাসন মন্ত্রণালয়
সচিবালয়ের প্রশাসনিক ও ব্যক্তিগত কর্মকর্তাদের (এও-পিও) জন্য সহকারী সচিব পদের এক-তৃতীয়াংশ সংরক্ষণের নিয়ম আছে। তবে এই নীতি মানার ব্যাপারে আমলাদের মধ্যে রয়েছে অনীহা।
গত ২৫ এপ্রিল সহকারী সচিব (ক্যাডারবহির্ভূত) পদ সংরক্ষণের বিষয়ে মত দিতে ১১ সদস্যের একটি কমিটি গঠন করে জনপ্রশাসন মন্ত্রণালয়। এরপর প্রায় ৯ মাস অতিবাহিত হলেও এ বিষয়ে কোনো মতামত দেওয়া হয়নি। ফলে পদোন্নতিবঞ্চিত নন-ক্যাডার কর্মকর্তাদের মধ্যে বাড়ছে ক্ষোভ ও অসন্তোষ।
জনপ্রশাসন মন্ত্রনালয় সূত্রে জানা যায়, পদ সংরক্ষণের বিষয়ে মতামত প্রদানের লক্ষ্যে গঠিত কমিটি আজ বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (এপিডি) আব্দুস সবুর মণ্ডলের সভাপতিত্বে বৈঠক বসবে। এর আগে গত ৩০ মে ও ২১ সেপ্টেম্বর এই কমিটির সভা অনুষ্ঠিত হলেও কোনো মতামত দিতে পারেনি।
মন্ত্রণালয় সূত্রে জানা যায়, বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে প্রায় দুই হাজার ৫০০ জন এও-পিও কর্মরত আছেন। এসব কর্মকর্তার পদোন্নতির জন্য ক্যাডারবহির্ভূত মাত্র ২৬৭টি সহকারী সচিব, ৭২টি সিনিয়র সহকারী সচিব ও ৯টি উপসচিব পদ রয়েছে, যা প্রয়োজনের চেয়ে কম। ফলে বেশির ভাগ এও-পিও দীর্ঘদিন একই পদে কর্মরত থেকে অবসরে যাচ্ছেন। ফলে তাঁদের কর্মস্পৃহা নষ্ট হচ্ছে। এ ছাড়া ৭২ জন সিনিয়র সহকারী সচিবের জন্য উপসচিবের মাত্র ৯টি পদ রয়েছে। ফলে প্রায় অর্ধশত কর্মকর্তা উপসচিব হওয়ার যোগ্যতা অর্জন করার পরও পদোন্নতি পাচ্ছেন না।
এ বিষয়ে জানতে চাইলে বৈঠকের সভাপতি জনপ্রশাসন মন্ত্রণালয়ের এপিডি অনুবিভাগের অতিরিক্ত সচিব আব্দুস সবুর মণ্ডল বলেন, ‘বৈঠকে বসে সবার মতামত নেওয়া হবে। এরপর সিদ্ধান্ত হবে। কারণ এই সমস্যার একটা স্থায়ী সমাধান করতে চায় কমিটি। আর যেন আন্দোলন না হয়, চিরতরে সমাধান হয়ে যায়। এ জন্য একটু বুঝেশুনে ধীরস্থিরভাবে আগাচ্ছি। এটা নিয়ে আবার কোনো বিতর্ক তৈরি হোক, এটাও চাই না।’
রাজিবুল-হক/২৩/ডিএসই
